মোটরস্ট্যান্ডে শ্রীশ্রী নৃসিংহ দেবতা ও শ্রীশ্রী রাম-জানকির মূর্তির প্রাণ প্রতিষ্ঠা, উপস্থিত মুখ্যমন্ত্রী

 

আগরতলা, ১৬ জুলাই: আগরতলার মোটরস্ট্যান্ড এলাকায় শ্রীশ্রী নৃসিংহ দেবতা ও শ্রীশ্রী রাম-জানকির মন্দিরে রাজস্থান থেকে আনা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান বৃহস্পতিবার ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু ভক্ত-অনুরাগীরা।
দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা এই প্রাচীন মন্দিরটির সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন করার পর এদিন রাজস্থান থেকে আনা শ্রীশ্রী নৃসিংহ দেবতা ও শ্রীশ্রী রাম-জানকির বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মন্দির সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে এই মন্দির ভবিষ্যতে এলাকার ধর্মপ্রাণ মানুষের অন্যতম উপাসনাকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করা হয়।প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *