ভিলেজ কমিটি নির্বাচনে লড়াই করবে কংগ্রেস দল।

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেসের এসটি বিভাগের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ এসটি কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া সহ অন্যান্য আদিবাসী নেতৃত্ব।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে সংগঠিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে দলের সাংগঠনিক শক্তি অনুযায়ী নির্বাচনে লড়াই করা হবে বলেও জানান তিনি।আশীষ কুমার সাহার অভিযোগ, রাজ্যের জনজাতি জনগণ বর্তমানে নানা অর্থনৈতিক সমস্যার পাশাপাশি কর্মসংস্থানের অভাব ও বেকারত্বের সমস্যায় ভুগছেন। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলার অবনতির কারণে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন এবং নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলেও দাবি করেন তিনি।তিনি বলেন, আদিবাসীদের জল, জমি ও জঙ্গলের অধিকার রক্ষার লড়াই সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও দীর্ঘদিন ধরে চলছে। রাজ্যের জনজাতি অধ্যুষিত কিছু এলাকায় কংগ্রেস সংগঠন বিস্তার করতে সক্ষম হয়েছে এবং আগামী দিনে আরও শক্তিশালীভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে।আশীষ কুমার সাহা ত্রিপুরা মথা, বিজেপি এবং আইপিএফটির বিরুদ্ধে জনজাতি স্বার্থবিরোধী কাজের অভিযোগ তোলেন। তাঁর দাবি, বর্তমানে যারা স্বশাসিত জেলা পরিষদ পরিচালনা করছে এবং অতীতে যারা পরিষদ পরিচালনা করেছে, তারা জনজাতি জনগণের স্বার্থে প্রত্যাশিত কাজ করতে পারেনি।কংগ্রেস সভাপতি আরও দাবি করেন, অতীতে জনজাতি জনগণের স্বার্থে কংগ্রেস সরকার যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল, সেগুলি না নেওয়া হলে আজ জনজাতিদের অস্তিত্ব আরও সংকটের মুখে পড়ত।তিনি বলেন, অসাংবিধানিক বক্তব্য বা প্রলোভনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে কোনও সংগঠনের কাজ পরিচালনা করা যায় না। প্রকৃত উন্নয়ন এবং জনজাতি জনগণের সাংবিধানিক অধিকার রক্ষার যে লড়াই সারা দেশে চলছে, ত্রিপুরাতেও সেই লড়াই কংগ্রেস চালিয়ে যাবে।আশীষ কুমার সাহার দাবি, রাজ্যের জনজাতি এলাকাগুলিতে কংগ্রেসের সংগঠন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। পাশাপাশি রাজ্য সরকার এবং স্বশাসিত জেলা পরিষদ পরিচালিত প্রশাসন জনজাতিদের স্বার্থকে উপেক্ষা করে তাঁদের জীবন-জীবিকা ও অন্যান্য অধিকার খর্ব করছে বলেও অভিযোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *