আগরতলা, ২৬ অক্টোবর: আগরতলা শহর এলাকায় মোট ১৭টি প্রতিমা নিরঞ্জনের ঘাট রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা নিরঞ্জন হয়েছে জয়নগর দশমীঘাটে। শনিবার এই তথ্য জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।মেয়রের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২১ অক্টোবর দশমীর দিন জয়নগর দশমীঘাটে ২০১টি প্রতিমা নিরঞ্জন করা হয়। পরদিন, ২২ অক্টোবর নিরঞ্জন করা হয় ৫০টি প্রতিমা। অন্যদিকে, শুক্রবার অর্থাৎ মায়ের গমনের দিন আরও ৬৯টি প্রতিমা নিরঞ্জন করা হয়েছে। এবং শনিবার পাঁচটি প্রতিমা নিরঞ্জন করা হয়। সব মিলিয়ে তিন দিনে দশমীঘাটে মোট ৩২৫টি প্রতিমা নিরঞ্জন হয়েছে। শুক্রবার মায়ের গমনের দিন রাত তিনটে পর্যন্ত নিরঞ্জন পর্ব চলে। সেই সময় পর্যন্ত ঘাটে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়ার তদারকি করেন মেয়র দীপক মজুমদার।তিনি আরো জানান, শহরে সব প্রতিমা ইতিমধ্যেই নিরঞ্জন করা হয়েছে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী, শনিবার প্রতিমা নিরঞ্জনের কাজে ক্রেন ব্যবহার করা হয়নি। পুর নিগমের কর্মীরা ঘাটে উপস্থিত থেকে নিরঞ্জন প্রক্রিয়ায় সহযোগিতা করেন।জয়নগর দশমীঘাটের পরিকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গ তুলে মেয়র বলেন, বিজেপি সরকার গঠিত হওয়ার পর পুর নিগমের উদ্যোগে ঘাট এলাকার উন্নয়ন করা হয়েছে। এর ফলে বর্তমানে মাত্র ১০ মিনিটের মধ্যে একটি প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে। আগে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতো। বর্তমানে উন্নত ব্যবস্থাপনার ফলে শান্তিপূর্ণভাবে নিরঞ্জন পর্ব সম্পন্ন করা সম্ভব হচ্ছে বলে দাবি করেন তিনি।দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পুর নিগমের উদ্যোগ এবং কর্মীদের ভূমিকার কথাও উঠে এসেছে মেয়রের বক্তব্যে। পাশাপাশি জলে রাসায়নিকের যেন দূষণের সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে কাঠামো ইতিমধ্যেই সরে নিয়ে যাওয়া হয়েছে বলে ও জানান তিনি।
