আগরতলা, ১৬ জুলাই:রাজ্যে আইন-শৃঙ্খলার উন্নত পরিবেশের কারণেই এখন দর্শনার্থীরা গভীর রাত পর্যন্ত নির্বিঘ্নে দুর্গাপূজা উপভোগ করতে পারছেন বলে মন্তব্য করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। একই সঙ্গে তিনি যুবসমাজকে নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান।বৃহস্পতিবার রথযাত্রার দিন আগরতলা শহরের বনেদি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব-এ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ বছরের দুর্গাপূজার থিম প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থিম উন্মোচন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ক্লাব সভাপতি শিবু সাহা, সম্পাদক কিশোর কর সহ অন্যান্য অতিথিবৃন্দ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন, বর্তমান রাজ্য সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তাঁর দাবি, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনও ধরনের বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলে রাত তিনটে-চারটে পর্যন্তও মানুষ নিরাপদে পূজামণ্ডপ পরিদর্শন করতে পারছেন।“আইন-শৃঙ্খলা ভালো থাকায় মানুষ এখন নির্ভয়ে রাতভর পুজো দেখতে বের হন। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে সারা রাজ্যের মানুষ আগরতলায় এসে দুর্গাপূজার আনন্দ উপভোগ করেন। এ বছরও সেই ধারা বজায় থাকবে বলে আমরা আশাবাদী,” — বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য।বক্তব্যের শেষাংশে তিনি যুবসমাজের উদ্দেশে বলেন, মাদক একটি সামাজিক অভিশাপ। তরুণ প্রজন্মকে নেশার কুফল সম্পর্কে সচেতন হয়ে সুস্থ ও সৃজনশীল জীবনের পথে এগিয়ে আসতে হবে।এদিকে, দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব এ বছরের পূজামণ্ডপে তুলে ধরছে রাজস্থানের কাল্পনিক“রাজমহল”। মণ্ডপে থাকবে আকর্ষণীয় লাইট অ্যান্ড সাউন্ড শো। প্রতিবছর ন্যায় এ বছরও রাস্তাটিকে সাজিয়ে তোলা হবে সুন্দর করে থাকবে সাউন্ড ও বিশেষ আলোকসজ্জা। মণ্ডপ সজ্জার দায়িত্বে রয়েছে স্থানীয় রুবাই ডেকোরেটর এবং প্রতিমা নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পী নাড়ুগোপাল দাস। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, বাজেটের ক্ষেত্রে কোনও সীমাবদ্ধতা রাখা হয়নি; দর্শনার্থীদের জন্য সেরা উপস্থাপনাই তাদের লক্ষ্য।প্রতিবছরের মতো এবারও দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পূজাকে ঘিরে দর্শনার্থীদের ব্যাপক চাহিদা থাকবে তার বলার অপেক্ষা রাখে না। পূজার পাশাপাশি ক্লাবটি সারা বছর বস্ত্রদান, স্বাস্থ্য শিবির, রক্তদান ও দুঃস্থদের সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত থাকে। এবছরও পুজোকে ঘিরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তাদের থাকবে বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ।
