🧧🚨সাংবাদিক সম্মেলনে পরিকল্পনা (পরিসংখ্যান) দপ্তরের বিশেষ সচিব রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৮.৮৯ শতাংশ

রাজ্যে জাতীয় নমুনা সমীক্ষার ৭৯তম রাউন্ডের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সার্বিক বার্ষিক মডিউলার সার্ভে ও আয়ুষের উপর রাজ্যের ৮টি জেলার ২৮৮টি গ্রামীণ এবং ১৫২টি শহর এলাকার নমুনা সংগ্রহ করে এই সমীক্ষা করা হয়। সমীক্ষার কাজটি ১ জুলাই 2022 থেকে শুরু হয়ে গত ৩১ জুন ২০২৩ পর্যন্ত কম্পিউটার এইডেড পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পন্ন করা হয়। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পরিকল্পনা (পরিসংখ্যান) দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা এ সংবাদ জানান। তিনি জানান, অর্থনৈতিক উন্নয়ন, প্রবৃদ্ধি, মাথাপিছু গড় আয় পরিমাপের জন্য গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট (জিএসডিপি) বা রাজ্যের আয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক। বিশেষ সচিব তথ্য সহকারে জানান, ২০২২-২৩ অর্থবর্ষে এডভান্স এস্টিমেট অনুসারে রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হচ্ছে ৮.৮৯ শতাংশ। গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট (জিএসডিপি) ৭২,৬৩৫.৬২ কোটি টাকা ও রাজ্যে মাথাপিছু গড় আয় হচ্ছে ১ লক্ষ ৫৯ হাজার ৪১৯ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে এডভান্স এস্টিমেট অনুসারে জিএসডপিতে প্রাইমারি সেক্টর ৪৪.৩৫ শতাংশ, সেকেন্ডারি সেক্টর ১০.৫০ শতাংশ এবং টার্শিয়ারি সেক্টরের ৪৫.১৫ শতাংশ কন্ট্রিবিউশন রয়েছে।
সাংবাদিক সম্মেলনে পরিকল্পনা (পরিসংখ্যান) দপ্তরের বিশেষ সচিব জানান, প্রয়াত অধ্যাপক পি সি মহালানবিশের জন্মবার্ষিকী উপলক্ষ্যে চলতি বছরের ২৯ জুন, ত্রিপুরায় ১৭তম পরিসংখ্যান দিবস উদযাপিত হয়। এই অনুষ্ঠানে ৩টি পরিসংখ্যান প্রকাশনা প্রকাশিত হয়। এগুলি হল গ্রামীণ ত্রিপুরায় কৃষি পরিবার, জমি ও প্রাণী সম্পদের পরিস্থিতি মূল্যায়ন-২০১৯, লিঙ্গ পরিসংখ্যান, ত্রিপুরা-২০২১-২২ এবং ত্রিপুরার কিছু প্রাথমিক পরিসংখ্যান -২০২২। বিশেষ সচিব শ্রীচন্দ্রা ভারত সরকারের নীতি আয়োগের প্রকাশিত সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যপূরণে বিভিন্ন পর্যায়ে অগ্রগতির সূচকে ত্রিপুরার অবস্থান তুলে ধরেন। তিনি জানান, ২০২০-২১ অর্থবর্ষে নীতি আয়োগের প্রকাশিত সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য পূরণের অগ্রগতির সূচকে ত্রিপুরার কম্পোজিট স্কোর হচ্ছে ৬৫, যা ২০১৮ সালে ছিল ৫৫। ২০২৩ সালে ভারত সরকারের নীতি আয়োগের প্রকাশিত বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ত্রিপুরার স্কোর হল ০.০৫৬, যা ২০১৫-১৬ অর্থবর্ষে ছিল ০.০৭৫। তিনি জানান, ২০১৯ সালের আগস্ট মাসে দপ্তর ‘ভিশন-২০৩০’, ৭ বছরের কৌশল, ৩ বছরের কর্মপরিকল্পনা এবং সূচক’ প্রকাশ করেছে।
সাংবাদিক সম্মেলনে বিশেষ সচিব জানান, দপ্তরের পক্ষ থেকে নিয়মিতভাবে ত্রিপুরার আর্থসামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরার জন্য বিভিন্ন প্রকাশনা প্রকাশিত হয়। এই সকল প্রকাশনাসমূহ www.ecostat.tripura.gov.in ওয়েবসাইটে সকলের জন্য উপলব্ধ রয়েছে। এক্ষেত্রে বিশেষ সচিব দপ্তরের বিভিন্ন প্রকাশনাগুলি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। বিশেষ সচিব আরও জানান, গুণমান সম্পন্ন ও সময়োপযোগী তথ্য সংগ্রহ ও প্রদানের জন্য ভারত সরকারের সাপোর্ট ফর স্ট্যাটিসটিক্যাল স্ট্রেনদেনিং প্রকল্প রাজ্যে চালু রয়েছে। এই প্রকল্পে রাজ্যে ডায়নামিক ওয়েব পোর্টাল তৈরীর পাশাপাশি তথ্য সংগ্রহের জন্য সমীক্ষার কাজে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের সাথে মউ স্বাক্ষরিত হয়েছে। সাংবাদিক সম্মেলনে পরিকল্পনা (পরিসংখ্যান) দপ্তরের অধিকর্তা নগেন্দ্র দেববর্মা এবং অতিরিক্ত অধিকর্তা অরূপ কুমার চন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *