বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচিকে গ্রামেগঞ্জে পৌঁছে দেবার লক্ষ্যে গতকাল মেলাঘরের কালীবাড়ি মাঠের সুকান্ত মুক্ত মঞ্চে একটি ভ্রাম্যমান প্রচার গাড়ির সূচনা হয়েছে। এই ভ্রাম্যমান প্রচার গাড়ির সূচনা করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিকশিত ভারত সংকল্প যাত্রার মূল উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন দেশকে আত্মনির্ভর করে তুলতে কেন্দ্রীয় সরকার বহুমুখী পরিকল্পনা নিয়েছে। মহিলাদের স্বশক্তিকরণে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিকশিত ভারত সংকল্প যাত্রার এই ভ্রাম্যমান প্রচার গাড়ি আগামী ২০২৪ সালের ২৬ জানুয়ারীর মধ্যে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটি, পুর ও নগর এলাকায় পরিক্রমা করবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায়, সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য, বিশ্বজিৎ দাস, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত কুমার দে, সোনামুড়া মহকুমার মহকুমা শাসক মানিকলাল দাস প্রমুখ। এদিন মেলাঘরে এ উপলক্ষে একটি র্যালিও আয়োজিত হয়।
