আগরতলা,২১ মে: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৫তম মৃত্যুবার্ষিকী বুধবার সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করে কংগ্রেস দল। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন তিনি। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ কংগ্রেস নেতা তথা বিধায়ক গোপাল চন্দ্র রায়। দলীয় পতাকা উত্তোলন করেন কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ।
পরবর্তীতে কংগ্রেস ভবন প্রাঙ্গণে রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্ব। এরপর একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধীঘাটে গিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় বিজেপিকে কটাক্ষ করে “ভারতীয় জঞ্জাল পার্টি” বলে মন্তব্য করেন। তাছাড়া তিনি বলেন, ভারতবর্ষে কম্পিউটার যুগের সূচনা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধী। যার বিরোধিতা করেছিলেন বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি। কংগ্রেসি একমাত্র দল যে জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের উন্নতি সাধন করতে পারে। ভারতবর্ষকে দেউলিয়া করে দিচ্ছে বর্তমান বি জে পি সরকার। রাজ্যের বিজেপি সরকার গুড ফর নাথিং। উচ্চশিক্ষিত বেকারদের ফিক্সড পের মাধ্যমে নিয়োগ করছে। বর্তমানে এই সরকার জনবিরোধী সরকারে পরিণত হয়েছে। বিষণ ডকুমেন্টে কোন কিছুই পূরণ করে নেই এই সরকার বলেও তিনি মন্তব্য করে।উল্লেখ্য, রাজীব গান্ধী ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
