আগামী ১৪ জানুয়ারি তীর্থমুখে দু’দিনব্যাপী ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন হবে। প্রতিবছরের মতো এবারও মেলায় তর্পণ, অস্থি বিসর্জন, গঙ্গা পূজা ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান রীতিনীতি অনুযায়ী চলবে। তীর্থমুখে পৌষ সংক্রান্তি মেলার আয়োজন সফল করে তুলতে গতকাল এক সভা অনুষ্ঠিত হয়। তীর্থমুখ মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা, শিলাছড়ি বিএসি’র চেয়ারম্যান থৈঙ্গ মগ, করবুক বিএসি’র ভাইস চেয়ারম্যান প্রণব কুমার ত্রিপুরা, গোমতী জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা, পুলিশ সুপার নমিত পাঠক, করবুক মহকুমার মহকুমা শাসক পার্থ দাস, করবুক ব্লকের বিডিও দিব্যেন্দু দাস, জনজাতি সমাজের সমাজপতিগণ সহ জেলা ও মহকুমাস্তরের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।
সভায় জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, পুণ্যভূমি তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলাকে সফল করতে সরকার সবরকম সহায়তা করবে। আগামীদিনে মেলা প্রাঙ্গণে মোবাইল টাওয়ার সহ স্থায়ী পরিকাঠামো গড়ে তোলা হবে যাতে তীর্থমুখ দেশ বিদেশের পর্যটক ও তীর্থযাত্রীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠে। দু’দিনব্যাপী এই অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মন্ত্রী বিকাশ দেববর্মা উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। মেলায় পুণ্যার্থীদের রাত্রিযাপনের জন্য মেলা প্রাঙ্গণের আশেপাশে অস্থায়ী বিশ্রামগার নির্মাণ, পানীয়জল ও শৌচাগারের ব্যবস্থা, মেলা প্রাঙ্গণে ও রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, চিকিৎসা পরিষেবা, আইন শৃঙ্খলা, সারা রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সহ স্টল নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় মহকুমা শাসক জানান, এবছর মেলায় পাঁচ শতাধিক দোকানের ব্যবস্থা করা হবে। আগামী ৮ জানুয়ারি ভিটি বন্টন করা হবে।
সব
