সোনামুড়া মহকুমার উত্তর তৈবান্দাল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল ১৩৮-তম শ্রীশ্রী রাধাকৃষ্ণ রাস উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তর, মোহনভোগ ব্লক এবং শ্রীশ্রী শ্যামাচান সেবাশ্রমের উদ্যোগে এই উৎসব ও মেলার আয়োজন করা হয়। বিধায়ক রামপদ জমাতিয়া এই রাস উৎসব ও মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, মোহনভোগ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীবাস ভৌমিক, মোহনভোগ বিএসির চেয়ারম্যান বাসিল্য কুমার নোয়াতিয়া, সোনামুড়া মহকুমার মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা ও মোহনভোগ ব্লকের বিডিও শ্রীকান্ত চক্রবর্তী। মেলার উদ্বোধন করে বিধায়ক রামপদ জমাতিয়া বলেন, আমাদের রাজ্য বর্তমানে উন্নয়নের নিরিখে উত্তর পূর্বাঞ্চল সহ সমগ্র দেশের মধ্যে একটা জায়গা করে নিচ্ছে। রাজ্যে শান্তি, সম্প্রীতি বজায় রেখে রাজ্য সরকার মানুষের কল্যাণে কাজ করছে। তাছাড়াও রাজ্যের ঐতিহ্যময় কৃষ্টি, সংস্কৃতি ও পরম্পরার বিকাশেও সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বিধায়ক বিন্দু দেবনাথ বলেন, এ ধরনের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মানুষে মানুষে মেলবন্ধনের সুযোগ গড়ে উঠে। উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিগণ মেলা প্রাঙ্গণে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টলের উদ্বোধন করেন। উৎসব ও মেলা প্রাঙ্গণে স্থানীয় ও রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক
অনুষ্ঠান।
