আগরতলা ডিড রাইটার অ্যাসোসিয়েশনের ৭০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার কোর্ট চত্বরে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, জগন্নাথ জিও মন্দিরের মঠ ইনচার্জ ভক্তি কমল বৈষ্ণব সহ অন্যান্যরা।
রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সামাজিক দায়বদ্ধতায় কাজ করে চলেছে ডিড রাইটাররা। তাছাড়া তিনি প্রাক্তনীদের দেখানো পথে চলার পরামর্শ দেন ডিড রাইটারদের। পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধি করতে কর্মশালা আয়োজন করার পরামর্শ দেন তিনি। তাছাড়া ডিড রাইটারদের সততা বাড়ানোর আহ্বান রাখেন। পরবর্তীতে রক্তদানের উপকারিতা সহ রাজ্যের অবস্থান সম্পর্কে তিনি বলেন,রক্তদানে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য একটি উল্লেখযোগ্য স্থানে অবস্থান করছে।
গত বছরও চাহিদার থেকে বেশি রক্ত স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। এই ধারা বজায় রাখতে হবে। রাজ্যের ৪০ লক্ষ জনগণের ভেতর এক শতাংশ জনগণ রক্তদান করলেই রাজ্যের চাহিদা পূরণ হয়। সেদিকে লক্ষ্য রেখে রক্তদানে এগিয়ে আসার আহ্বানও জানান এবং আজকের এই রক্তদান শিবিরে যারা রক্তদান করেন তাদেরকে অভিনন্দন জানান তিনি। পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাশ্মীরের পেহেলগাওয়ে ঘটে যাওয়া ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী যা বলেছেন তার ফল কিছুদিনের ভিতর দেখতে পাওয়া যাবে কাউকেই উনি ছাড়বেন না বলেও দৃঢ়তার সঙ্গে আশা ব্যক্ত করেন। সমস্ত ভারতবাসী প্রধানমন্ত্রী সঙ্গে আছেন বলেও তিনি উল্লেখ করেন। আগামী দিন এরকম ঘটনা যেন না ঘটতে পারে তার একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা প্রধানমন্ত্রী করবেন।
