আগরতলা শহরে আর একটি বেদখল হওয়া পুকুরকে সংস্কারে হাত দিতে চলেছে পুর নিগম। প্রসঙ্গত বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে শহরে যতগুলি জলাশয় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সেগুলিকে সংস্কারের হাত দিয়েছে বিজেপি শাসিত পুর নিগম। ইতিমধ্যেই ডিমসাগর, লেক চৌমুহনী, রানীর পুকুর সহ একাধিক পুকুরের সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হয়েছে। যার ফলে জলাশয় গুলিকে ব্যবহারযোগ্য করার পাশাপাশি পরিবেশকেও নির্মল ও সুন্দর করা হচ্ছে । লক্ষীনারায়ণ বাড়ির এলাকার প্রভুবাড়ির পুকুর। যা দীর্ঘদিন ধরেই বেদখল হয়েছিল। পাশাপাশি পুকুরটাকে দুষ্টু চক্র ভরে ফেলার উদ্দেশ্যে আবর্জনার স্তুপে পরিণত করেছিল। যা নিয়ে শুভবুদ্ধি সম্পন্ন এলাকাবাসীর ক্ষোভ দীর্ঘদিন ধরে ধুমায়িত হচ্ছিল । গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী উনার বিধানসভা কেন্দ্র বরদোয়ালী মন্ডল কমিটি গঠন হওয়ার পর প্রথমবারের মতো মন্ডল অফিসে যান এবং উনার এলাকার কর্মীদের নিয়ে সাংগঠনিক সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সেখানে ই প্রভুবারির পুকুরটির প্রসঙ্গ উঠে আসে। এবং এই পুকুরটিকে সংস্কারের কথা মুখ্যমন্ত্রী কে বলা হয়। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে উপস্থিত বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারকে অবিলম্বে পুকুরটি বেদখল মুক্ত করে সংস্কার করার উদ্যোগ নিতে বলেন।
পুর নিগমের কুড়ি নং ওয়ার্ড এলাকার লক্ষীনারায়ণ বাড়ির উল্টোদিকে প্রভু বাড়ির পুকুর। যা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পড়েছিল। সেই সুযোগে পুকুরটি বেদখল হয়ে যাচ্ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার মেয়র দীপক মজুমদার পুর নিগমের কুড়ি নং ওয়ার্ড কর্পোরেটর রত্না দত্ত পুর নিগমের কমিশনার ডি কে চাকমা সহ অন্যরা পুকুরটি পরিদর্শনে যান।
প্রায় দেড় কানি জায়গার উপর পুকুরটি পুনরুদ্ধার করে সংস্কার করার ব্যাপারে পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার বলেন, আগামীকাল থেকে সংস্কারের কাজে হাত দেওয়া হবে প্রভু বাড়ির পুকুর। আগামী তিন দিনের ভেতর দখলকারীদের দলিল ও পর্চা নিয়ে পুর নিগমে যাওয়ার নোটিশ ইস্যু করা হবে। পরবর্তীতে বেদখল হওয়া জায়গায় তৈরি করা বাড়িঘর ভেঙ্গে ফেলে পুকুরটিকে পুনরুদ্ধার করে সংস্কার করা হবে। যাতে করে পরিবেশ রক্ষা করা যাবে পাশাপাশি বিভিন্ন সামাজিক সহ অন্যান্য কাজে পুকুরটিকে ব্যবহার করা যাবে। তাছাড়াও তিনি বলেন দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন জলাশয় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রতিটি পুকুরকেই সংস্কার করে ব্যবহার উপযোগী করে তুলছে বিজেপি শাসিত পুর নিগম।
