আগরতলা, বুধবার: গরম পড়তে শুরু করেছে। চৈত্রের দাবদাহে তরমুজের চাহিদা থাকে তুঙ্গে। তবে গত কয়েক বছর ধরে রাজ্যে তরমুজের উৎপাদন প্রায় নেই বললেই চলে। এক সময়ের বিখ্যাত সোনামুড়া-র সুস্বাদু তরমুজ এখন প্রায় অতীতের স্মৃতি।তরমুজ চাষ করে কৃষকরা তেমন লাভের মুখ না দেখায় ধীরে ধীরে এই চাষ থেকে সরে গিয়ে অন্যান্য সবজি চাষে মন দিচ্ছেন। ফলে তরমুজের জন্য এখন মূলত বাইরের রাজ্যের উপরই নির্ভর করতে হচ্ছে রাজ্যবাসীকে। এই সময় রাজ্যে তরমুজের চাহিদা প্রায় পুরোপুরিই পূরণ হচ্ছে অন্যান্য রাজ্য থেকে আমদানির মাধ্যমে।যদিও বর্তমানে প্রায় সারা বছরই তরমুজ বাজারে পাওয়া যায়, তবে দাম বেশি থাকায় অনেক সময় তা মধ্যবিত্তের নাগালের বাইরে থাকে। তবে গরম বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনই গাড়ি ভরে তরমুজ রাজ্যে আসতে শুরু করেছে, ফলে বাজারে কিছুটা দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে।বুধবার মহারাজগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ থেকে গাড়ি ভরে তরমুজ এসেছে। পাইকারি বাজারে তরমুজ বিক্রি হচ্ছে প্রতি কিলো ২০ থেকে ২২ টাকা দরে। অন্যদিকে খুচরো বাজারে এর দাম ৩০ থেকে ৩৫ টাকা কিলো।স্বাদে আগের মতো না হলেও বাইরের রাজ্যের তরমুজের ভেতরটা লাল ও রসালো হওয়ায় আপাতত সেটাতেই তৃপ্তি খুঁজে নিচ্ছেন তরমুজপ্রিয় রাজ্যবাসী— যেন দুধের স্বাদ ঘোলেই মেটাতে হচ্ছে।
