আইজিএম হাসপাতালে ডাক্তারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ

 

আগরতলা ২৮ শে মার্চ, আগরতলার আইজিএম হাসপাতালের চিকিৎসক ডা. দেবেশ দেববর্মার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় শনিবার। চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের আত্মীয়স্বজনরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই ওই চিকিৎসকের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ উঠছে।

শনিবারও একই ধরনের ঘটনার অভিযোগ সামনে আসে। জানা যায়, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে রোগী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ডা. দেবেশ দেববর্মা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। বিষয়টি দ্রুত সাংবাদিকদের কানে পৌঁছালে তারা হাসপাতালে ছুটে যান।

সাংবাদিকরা সেখানে পৌঁছে ছবি ও ভিডিও তুলতে গেলে হাসপাতালে নিয়োজিত নিরাপত্তারক্ষীরা বাধা দেন বলে অভিযোগ। সাংবাদিকদের দাবি, নিরাপত্তারক্ষীরা জানান যে চিকিৎসকের নির্দেশেই তারা এই বাধা সৃষ্টি করেছেন।

এই ঘটনায় রোগীর আত্মীয়স্বজন ও উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের দাবি, একজন চিকিৎসকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় এবং বিষয়টি নিয়ে প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।

এখন দেখার বিষয়, ডা. দেবেশ দেববর্মার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বা স্বাস্থ্য দপ্তর কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *