আগরতলা, বুধবার :সি ই আই আর পোর্টালের মাধ্যমে চুরি ও হারিয়ে যাওয়া মোট ৩৬টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল আমতলী থানার পুলিশ। বুধবার উদ্ধার হওয়া মোবাইলগুলি মালিকদের কাছে হস্তান্তর করা হয়।জানা যায়, বিভিন্ন সময়ে মোবাইল হারিয়ে যাওয়া ও চুরি যাওয়ার অভিযোগ আমতলী থানায় লিপিবদ্ধ হয়েছিল। সেই অভিযোগগুলির ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালীন সিইআইআর পোর্টালের সহায়তায় মোট ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় আমতলী থানার পুলিশ।পরবর্তীতে প্রকৃত মালিকদের সঙ্গে যোগাযোগ করা হলে বুধবার তাদের হাতে মোবাইলগুলি তুলে দেওয়া হয়।এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমতলী থানার ওসি পরিতোষ দাস জানান, যাদের কাছ থেকে মোবাইলগুলি উদ্ধার করা হয়েছে তাদের অধিকাংশই পয়সার বিনিময়ে মোবাইলগুলো কিনেছিল। তাই তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।তিনি আরও জানান, কোনো মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার পর যদি সেই মোবাইলে অন্য সিম ব্যবহার করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে সিইআইআর পোর্টালে তার তথ্য চলে আসে। সেই তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সনাক্ত করে মোবাইলগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।প্রসঙ্গত, মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনায় সিইআইআর পোর্টাল পুলিশের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
