আগরতলা, বুধবার: গত বছরের তুলনায় এ বছর প্রায় এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। বুধবার উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে এমনই আশঙ্কা প্রকাশ করেন ড. ধনঞ্জয় গণ চৌধুরী, সভাপতি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ।বুধবার তিনি আগরতলার বড়দোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন, যেখানে বর্তমানে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে। উল্লেখ্য, গত ৬ এপ্রিল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে।উচ্চ মাধ্যমিকের খাতা মূল্যায়ন চলছে বড়দোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন-এ। অন্যদিকে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন হচ্ছে বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বোধজং উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-এ।পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. ধনঞ্জয় গণ চৌধুরী জানান, গত বছর ৩০ এপ্রিল ফল প্রকাশ করা হয়েছিল। কিন্তু এ বছর নির্বাচন সংক্রান্ত দায়িত্বে অনেক শিক্ষক-শিক্ষিকা ব্যস্ত থাকায় মূল্যায়নের কাজে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। তবুও বোর্ডের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এপ্রিল মাসের মধ্যেই ফল প্রকাশ করার। তবে যদি তা সম্ভব না হয়, তাহলে আগামী ৭ মে’র মধ্যে ফল প্রকাশ করা হবে।তিনি আরও জানান, বর্তমানে প্রায় ২২০০ শিক্ষক-শিক্ষিকা উত্তরপত্র মূল্যায়নের কাজে নিযুক্ত রয়েছেন।
