বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ আগতলায় ঐতিহ্য পদযাত্রার (হেরিটেজ ওয়ার্কের) আয়োজন করা হয়। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করা হয়। এবারের বিশ্ব পর্যটন দিবসের থিম হচ্ছে ‘পুনঃ ভাবনায় পর্যটন’ (রি-থিঙ্কিং ট্যুরিজম)। উজ্জয়ন্ত প্রাসাদে এই ঐতিহ্য পদযাত্রার সূচনা করে পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, পর্যটনের প্রসার, প্রচার ও সাংস্কৃতিক আদান-প্রদানের লক্ষ্যে প্রতি বছর আজকের দিনটিতে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়। রাজ্যে এই কর্মসূচিতে গত ২২ সেপ্টেম্বর থেকে সেমিনার, বাইক র্যালি, বাইসাইকেল র্যালি, প্রদর্শনীর মধ্য দিয়ে রাজ্যের পর্যটনের সম্ভার ও সম্ভাবনাকে সারা বিশ্বের কাছে তুলে ধরা হচ্ছে। তিনি বলেন, করোনা অতিমারীর পরবর্তীতে সারা বিশ্বে পর্যটন এখন ঘুরে দাঁড়াচ্ছে। পর্যটকরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে শুরু করেছেন। পর্যটন বিভিন্ন সংস্কৃতিকে একত্রিত করে মানুষে মানুষে সুসম্পর্ক তৈরি করে। এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক সুদৃঢ় করার বার্তা বহন করে। এই ভাবনায় রাজ্য পর্যটন এখন অনেকটা এগিয়ে রয়েছে। নতুনভাবে রাজ্যের পর্যটন পরিকাঠামোকে সাজিয়ে তোলা হচ্ছে, যাতে করে রাজ্যে ভ্রমনরত পর্যটকরা আরও বেশি করে রাজ্যকে জানতে পারেন। ঐতিহ্য পদযাত্রায় পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়,
পর্যটন দপ্তরের সচিব কিরণ গিত্যে, অধিকর্তা টি কে চাকমা, যুগ্ম অধিকর্তা দিলীপ দেববর্মা সহ বিভিন্ন প্রাইভেট ট্যুর অপারেটর ও বিভিন্ন অংশের নাগরিকগণ অংশগ্রহণ করেন। এই ঐতিহ্য পদযাত্রা উজ্জয়ন্ত প্রাসাদ থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুষ্পবস্তু প্রাসাদ হয়ে হেরিটেজ পার্কে এসে সমাপ্ত হয়। এরপর হেরিটেজ পার্কে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
