ঋষ্যমুখ ব্লক কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন ইস্যু কে সামনে রেখে রাজনৈতিক শক্তিকে মজবুত করার লক্ষ্যে বিলোনীয়া জেলা কংগ্রেস ভবনে রবিবার দুপুর বারটা নাগাদ এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সভা শেষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে আলোচনা রাখতে গিয়ে ঋষ্যমুখ ব্লক কংগ্রেস সভাপতি বিমল দাস জানান আলোর উৎসব দীপাবলির পরে আট দফা দাবি কে সামনে রেখে ঋষ্যমুখ বিধানসভায় গন অবস্থান সংগঠিত করবে,পাশাপাশি আট দফা দাবি নিয়ে ব্লক থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত এক ডেপুটেশন সংগঠিত করা হবে। আট দফা দাবি গুলো হল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নির্মীয়মান রাস্তা গুলোর দ্রুত সংস্কার করতে হবে,ঋষ্যমুখ বিধানসভার প্রত্যেক স্কুলে পর্যাপ্ত পরিমানে শিক্ষক নিয়োগ করতে হবে, প্রত্যন্ত অঞ্চলে পানীয়জলের সুবন্দোবস্ত করতে হবে, বিরোধী দলের কর্মী সমর্থক দের উপর হামলা হুজ্জতি বন্ধ করতে হবে, এ দাবি গুলোসহ মোট আট দফা দাবি নিয়ে ঋষ্যমুখ ব্লক কংগ্রেসের উদ্যোগে আন্দোলন সংগঠিত করা হবে বলে জানান ঋষ্যমুখ ব্লক কংগ্রেস সভাপতি। এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন প্রদেশ কংগ্রেস সহ সভাপতি ভোলানাথ ধর, ঋষ্যমুখ ব্লক কংগ্রেস সভাপতি বিমল দাস, প্রদেশ কংগ্রেস ডেলিগেট নান্টু মিয়া,সেবাদলের ঋষ্যমুখ ব্লক প্রসিডেন্ট রাজেন্দ্র ত্রিপুরা, সহ কংগ্রেস দলের বিভিন্ন গনসংগঠনের নেতৃত্ব কর্মী সমর্থকরা।
