রাজ রাজেশ্বরী মন্দির পর্যটন ক্ষেত্রে আগামীদিনে আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠবে : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

শান্তিরবাজার মহকুমার মুহুরীপুর রাজ রাজেশ্বরী মন্দির প্রাঙ্গণে দীপাবলি উৎসব উপলক্ষে গতকাল থেকে ২ দিনব্যাপী রাজ রাজেশ্বরী পর্যটন উৎসব শুরু হয়েছে। এই উৎসবের সূচনা করে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, রাজ রাজেশ্বরী মন্দির পর্যটন ক্ষেত্রে আগামীদিনে আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠবে। মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরও এই মন্দিরে এসেছিলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই মন্দিরের উন্নয়নে সরকারের সঙ্গে স্থানীয় জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, এই সরকার জনগণের সরকার। রাজ্যের প্রতিটি মানুষের কল্যাণে সরকার এবং প্রশাসন সর্বদা সচেষ্ট। জনকল্যাণে গৃহীত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ব্যাখ্যা করে তিনি এই মন্তব্য করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত ও সহকারি সভাধিপতি বিভীষণ দাস, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ এবং শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য প্রমুখ। উৎসবে বিভিন্ন দপ্তরের ১৫টি প্রদর্শনী মন্ডপ খোলা হয়েছে। উৎসব কমিটির সভাপতি জনার্ধন দেবনাথ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *