রাজ্যে জুড়ে সরকারি কাজকর্মের গতিপ্রকৃতি খতিয়ে দেখতে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সঙ্গে তিনি খোঁজ নিচ্ছেন মানুষের সুখ দুঃখের। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মানিক সাহা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজে নিজেকে নিয়োজিত করেছেন। ক্লান্তিহীন ও ক্লেশহীনভাবে খেটে চলেছেন মানিক সাহা।
জনকল্যাণমূলক কাজ যাতে কোনোভাবেই থমকে না পড়ে সেদিকে সতর্ক নজর রয়েছে মুখ্যমন্ত্রীর।কথায় নয় কাজে বিশ্বাসী মুখ্যমন্ত্রী আজ রেলযোগে পৌঁছে গেলেন ধলাই জেলা সদর আমবাসায়। ধলাই জেলা জুড়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের গতিপ্রকৃতি এবং অগ্রগতি নিয়ে, আজ ধলাই জেলা শাসক অফিসের কনফারেন্স হলে বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। চলমান বিভিন্ন প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করতে সংশ্লিষ্ট আধিকারিকদের পরামর্শ প্রদান করেন তিনি। ধলাই জেলার আমবাসা টাউন হলে তিনটি উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়ালী শুভ সূচনাও করেন মানিক সাহা। এরমধ্যে রয়েছে – সুধাংশু ঘোষ পাড়ায় একটি বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন, বেতবাগান এলাকায় একটি বেইলি ব্রিজ এবং লালছড়িতে একটি ১,০০০ মেট্রিক ক্ষমতা সম্পন্ন রাইস গোডাউনের উদ্বোধন। এই সময় মুখ্যমন্ত্রী মানিক সাহা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন প্রকল্পগুলি এই অঞ্চলের সর্বস্তরের জনগণের জীবনমান উন্নয়নে এক বিশেষ ভুমিকা গ্রহণ করবে।
