আগামীকাল গৌহাটীতে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রনালয়ের পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গডকরীর পৌরহিত্যে শুক্রবার গোহাটিতে অনুষ্ঠিত হবে জাতীয় সড়ক নিয়ে এক পর্যালোচনা বৈঠক । এতে অংশ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের অর্থানুকুল্যে চলা বিভিন্ন রাজ্যের সড়ক উন্নয়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। বৈঠকে বর্তমান সরকারের সময়কালে চলা রাজ্যের জাতীয় সড়কের কাজের অগ্রগতির বিস্তারিত তথ্য মুখ্যমন্ত্রী ডাঃ সাহার আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে সূত্রের খবর।
 সড়ক উন্নয়নে রাজ্যে যে কাজগুলো চলমান অবস্থায় রয়েছে তার বিস্তারিত তথ্য মুখ্যমন্ত্রী বৈঠকে তুলতে পারেন বলে খবর। এর মধ্যে উঠে আসতে পারে ২৮৯ কিলোমিটার চুড়াইবাড়ি-ধর্মনগর-কৈলাশহর-কমলপুর-খোয়াই থেকে আগরতলা পর্যন্ত জাতীয় সড়ক ১০৮ (বি) জাতীয় সড়কের  কাজের হাল হকিকত। একই সাথে চলছে মনু থেকে মিজোরামের শীমলুং পর্যন্ত জাতীয় সড়ক ৪৪(এ) এর নির্মাণ কাজের তথ্য।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন গডকরীর সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী তুলতে পারেন জাতীয় সড়ক ২০৮ এর অন্তর্গত খোয়াই-তেলিয়ামুড়া-অমরপুর-হরিনা পর্যন্ত সড়কের নির্মাণ কাজ দ্রুত শুরু করার আবেদন। এই সড়কটি নির্মিত হলে চিটাগাং বন্দরের সঙ্গে সাব্রুম হয়ে সমগ্র উত্তর-পূর্ব ভারতের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি কতটা সুবিধা হবে তার ব্যাখ্যা। একই সাথে জাতীয় সড়ক ৮ এর সংস্কারের দাবিও তুলতে পারেন মুখ্যমন্ত্রী।
বৈঠকের মুখ্যমন্ত্রী নতুন কিছু সড়ক নির্মাণের আবেদন রাখতে পারেন বলেও খবর রয়েছে । এর মধ্যে কমলপুর-শান্তিরবাজার ভায়া আমবাসা-গন্ডাছড়া এবং অমরপুর সড়ক । এটি নির্মিত হলে জাতীয় সড়ক ১০৮ এবং ২০৮ এর সঙ্গে সংযোগ স্থাপিত হবে। এতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণাংশ পর্যন্ত সংযোগ স্থাপিত হবে । ভারতমালা ২.০  এর আওতায় এই সড়কটি নির্মিত হলে, এই রাজ্যের জনজাতি অংশের লোকজন বিশেষভাবে উপকৃত হবেন এবং ছবিমুরা এবং নারকেলকুঞ্জে পর্যটকদের যাতায়াত অনেকটা সুবিধা হবে। একই সাথে উদয়পুর-সোনামুড়া সড়ককে জাতীয় সড়কে উন্নীত করার আবেদনও মুখ্যমন্ত্রী রাখতে পারেন বলে খবর।
উল্লেখ্য, ইতিমধ্যেই উদয়পুর-সাব্রুম জাতীয় সড়ক, আগরতলা-উদয়পুর জাতীয় সড়ক, সাব্রুমে ফেনী নদীর উপর মৈত্রী সেতু, আগরতলার খয়েরপুর থেকে আমতলী পর্যন্ত বাইপাস সড়কের কাজ সম্পন্ন হয়েছে। এজন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাতে পারেন বলে অনুমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *