রাজ্য সরকার কৃষকদের সার্বিক কল্যাণে আন্তরিক : কৃষিমন্ত্রী

রাজ্য সরকার কৃষকদের সার্বিক কল্যাণে আন্তরিক। আগে নানা কৃষি সামগ্রীর জন্য কৃষকদের অফিসে এসে লাইন দিতে হতো। এখন তা করতে হয় না। এখন রাজ্য সরকার কৃষকদের ঘরে ঘরে নানা সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছে। আজ প্রজ্ঞাভবনের ১নং হলে কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি বিক্রির ব্যাপারে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডকে সমগ্র রাজ্যের জন্য সি এন্ড এফ এজেন্ট হিসাবে নিযুক্তি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন। তিনি বলেন, বীজ, সার সহ নানা কীটনাশক ঔষধ ও যন্ত্রপাতি কৃষকদের কাছে যথা সময়ে পৌঁছানোর উদ্যোগ নিয়েছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। প্রধানমন্ত্রী চলতি বছরের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছেন। বাস্তবে তা ফলতেও শুরু করেছে। রাজ্য সরকারও প্রধানমন্ত্রীর পথ ধরে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনায় প্রত্যেক কৃষক বছরে ৬ হাজার টাকা করে পাচ্ছেন। এছাড়াও কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমেও তারা ঋণের সুবিধা পাচ্ছেন। তিনি কৃষকদের কল্যাণে রাজ্যের প্রতিটি জেলায় ১টি করে সার্ভিস সেন্টার এবং রাজ্যের প্রতিটি কর্ণারে ১টি করে ডিলারশিপ খোলার জন্য ক্যামকো-র প্রতি আবেদন জানান।
কেরল এগ্রো মেশিনারি কর্পোরেশন লিমিটেড (ক্যামকো) ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডকে সমস্ত ত্রিপুরার জনা সি এন্ড এফ এজেন্ট হিসাবে নিযুক্ত করেছে। অনুষ্ঠানে কেরল এগ্রো মেশিনারি কর্পোরেশন লিমিটেড (ক্যামকো)-র ম্যানেজিং ডিরেক্টর ভি শিবরামকৃষ্ণান এবং ত্রিপুরা। হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. এ কে নন্দীর মধ্যে এবিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে এখন ক্যামকো থেকে পাওয়ার টিলার সহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি এনে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেড পাইকারি দামে কৃষকদের কাছে তা বিক্রি করতে পারবে।
ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান বিধায়ক সুধাংশু দাস বলেন, এই সংস্থা মাছমারায় কাজুবাদামের বাগান গড়ার উদ্যোগ নিয়েছে। বিশেষ অতিথির ভাষণে ক্যামকো’র এমডি ভি শিবরামকৃষ্ণান বলেন, ত্রিপুরার জল, মাটি, আবহাওয়া চাষের পক্ষে উপযোগী। ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ায় ক্যামকো’র শাখা রয়েছে। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান নবেন্দু ভট্টাচার্য, সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ড. এ কে নন্দী। স্বাগত বক্তব্য রাখেন ক্যামকো’র ডেপুটি জেনারেল ম্যানেজার এন রাজীব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা শরদিন্দু দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *