ছাত্রছাত্রীদের শৃঙ্খলাপরায়ণ জীবনশৈলী গড়ে তুলতে হবে,: মুখ্যমন্ত্রী

নেতাজী সুভাষ বিদ্যানিকেতন রাজ্যের অন্যতম অভিজাত বিদ্যালয় হিসেবে পরিচিত। বহু কৃতী ছাত্রছাত্রী এই বিদ্যালয় থেকে পাশ করে দেশ বিদেশের নানা জায়গায় প্রতিষ্ঠিত। আগরতলার নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ৭৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। তিনি বলেন, প্রকৃত অর্থে ছাত্র জীবন হচ্ছে নিজেদেরকে গড়ে তোলার মূল্যবান সময়। মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষকদের সমাজে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ছাত্রছাত্রীদের শিক্ষকদের প্রতি যথার্থ সম্মান জানানোর পাশাপাশি তাদের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতে হবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব সময় বলেন যাদের কাছে জ্ঞান রয়েছে তাদেরকেই আগামীদিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণে এগিয়ে আসতে হবে। তাই ছাত্রছাত্রীদের ছাত্র জীবনের সময় থেকেই জ্ঞান আহরণ করে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের শুধু বই পোকা হলেই চলবে না, অল রাউন্ডার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তাই পড়াশুনার পাশাপাশি ছাত্রছাত্রীদের অল রাউন্ডার হওয়ার জন্য খেলাধুলা, যোগাভ্যাস এবং শৃঙ্খলাপরায়ণ জীবনশৈলী গড়ে তুলতে হবে। কারণ খেলাধুলা, যোগাভ্যাস মনন ও মস্তিষ্কের চেতনা ও সক্ষমতা বাড়ায়। মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের পড়াশুনার পাশাপাশি যেসব মনীষীরা দেশ ও মানুষের জন্য কাজ করে গেছেন তাদের সম্পর্কে জানার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, রাজ্য সরকার গুণগত শিক্ষার মানোন্নয়নে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের পরিচালন কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের পরিচালন কমিটির সম্পাদক তপন চক্রবর্তী। অনুষ্ঠানে বার্ষিক বিবরণী পাঠ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক দিব্যেন্দু বিকাশ সেন। অনুষ্ঠানে ২০২১-২২ শিক্ষাবর্ষে যেসব ক্ষেত্রে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগা প্রদর্শন সহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী নেতাজী সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মূর্তির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *