বড়সড় অগ্নিকান্ড ও দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পেলে জেলা ও মহকুমা শাসকের কার্যালয়। বুধবার বেলা দেড়টা নাগাদ হঠাৎ জেলা ও মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণে থাকা বিশাল আকারের ট্রান্সফরমারে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে। আর এই আগুন দেখতে পেয়ে অফিসের কর্মীরা ধর্মনগর দমকল অফিসে খবর জানান। ঘটনাস্থলে ছুটে এসে দমকল কর্মীরা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। এদিকে বিদ্যুৎ সংযোগ থাকা অবস্থায় ট্রান্সফরমারে আগুন জ্বলতে দেখে দমকল কর্মীরা বিপাকে পড়ে যান। পরবর্তীতে বিদ্যুৎ থাকা অবস্থায় নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে ফোম ও জলের সাহায্যে আগুন নেভাতে সক্ষম হন। তবে এই আগুন নেভানোর মাঝ খানে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের তরফে। ধর্মনগর দমকল বাহিনীর তৎপরতায় এ যাত্রায় অল্পেতে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এই প্রশাসনিক কার্যালয়।
