ভারতের নির্বাচন কমিশন ত্রিপুরা বিধানসভা নির্বাচন-2023 উপলক্ষে বিশেষ আধিকারিক শ্রী রণবীর সিং ও অধিকর্তা শ্রী সন্তোষ আজমেরাকে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন (এসভিইইপি) পর্যালোচনা করতে নিযুক্ত করেছে। দুই সদস্যের এই প্রতিনিধিদলটি ত্রিপুরা বিধানসভার নির্বাচন-২০২৩ উপলক্ষে দিব্যাঙ্গজন ও বয়স্ক ভোটারদের সুবিধাও খতিয়ে দেখবেন। প্রতিনিধিদলটি রাজ্য সফরে এসে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রী কিরণ গিত্যে, সকল জেলা নির্বাচন আধিকারিকদের (জেলাশাসক এবং সমাহর্তা) সাথে এসভিইইপি পরিকল্পনা এবং তার বিদ্যমান সুবিধাগুলি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যালোচনা করেছেন। এই ভিডিও কনফারেন্সে অতিরিক্ত সিইও, জেলা নোডাল আধিকারিক ও নির্বাচন দপ্তরের অন্যান্য আধিকারিকগণ অংশ নেন।
সমস্ত জেলা নির্বাচন আধিকারিকগণ (জেলাশাসক এবং সমাহর্তা) প্রতিনিধিদলের কাছে তাদের প্রস্তুতি উপস্থাপন করেছেন। বিশদ পর্যালোচনার পরে বিশেষ আধিকারিকরা রাজ্যের ভোটার সচেতনতা কর্মসূচির উন্নতির জন্য কিছু নির্দিষ্ট পরামর্শ দিয়েছেন। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে ৯১.৮২ শতাংশ ভোট পড়েছিল। যেখানে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে এটি কমে ৮৯.৩৮ শতাংশ হয়। তাই ভারতের নির্বাচন কমিশনের দল জেলাশাসকদের কম ভোট পড়ার এলাকা চিহ্নিত করতে এবং কম ভোট দেওয়ার কারণ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন। তারা ২০১৩ সালের নির্বাচনের পর্যায়ে ভোটার শতাংশকে উন্নীত করার জন্য ভোটার সচেতনতা কর্মসূচি গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। তারা জেলা নির্বাচন আধিকারিকদের ভোটকেন্দ্রে র্যাম্প, হুইল চেয়ার, সাইন ল্যাঙ্গুয়েজ স্বেচ্ছাসেবক, ব্রেইলে ব্যালট পেপার ইত্যাদির মাধ্যমে যাতে দিব্যাঙ্গজন ব্যক্তিরা সুবিধামতো তাদের ভোট দিতে পারেন তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক প্রতিনিধিদের জানান যে, কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেমন অনলাইন ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন, সুসজ্জিত ভোটকেন্দ্র স্থাপন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে যুব পরিচালিত, মহিলা পরিচালিত এবং পিডব্লিউডি ভোটকেন্দ্র স্থাপন, পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বাড়িতে রঙোলি প্রতিযোগিতার আয়োজন, মিশন ৯২৯ চালু করা (নির্বাচিত ৯২৯টি ভোটকেন্দ্রে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা যেখানে ২০১৮ সালে ভোটের শতাংশ ৮৮ শতাংশের নীচে ছিল), আকর্ষণীয় অডিও ভিস্যুয়াল, জিঙ্গেলস চালু করা। এগুলির মাধ্যমে আগামীদিনে সকল শ্রেণীর ভোটারদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। ২১-১২-২০২২ তারিখে ভারতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়া মহকুমা পরিদর্শন করেন। সেখানে তারা ইআরও মহকুমা শাসক, বিলোনীয়া দ্বারা আয়োজিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে একটি নির্বাচনী স্বাক্ষরতা ক্লাবে যোগদান করেন। ২২-১২-২০২২ তারিখে বিশেষ নির্বাচনী দল দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে গোমতী জেলা এবং পশ্চিম ত্রিপুরা জেলার কয়েকটি স্থান পরিদর্শন করবেন।
