🚨🧧মরিয়মনগর চার্চ পরিদর্শনে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ সকালে মরিয়মনগরের চার্চ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, আগরতলা পুরনিগমের ৯নং ওয়ার্ডের কর্পোরেটর উত্তম ঘোষ, মরিয়মনগর চার্চের প্রিন্সিপাল ফাদার লিনস বেবি ও চার্চের ভাইস প্রিন্সিপল ক্যারল ডিসুজা। মুখ্যমন্ত্রী ডা. সাহা বড়দিন উপলক্ষে মরিয়মনগর চার্চে আয়োজিত মেলা প্রাঙ্গণ ও চার্চ এলাকার বিভিন্ন স্থানগুলি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী ফাদারের অফিসকক্ষে এক মত বিনিময় সভায়ও মিলিত হন। সভায় মুখ্যমন্ত্রী সকলকে বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে মরিয়মনগর এলাকার জল নিষ্কাশন ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আমাদের দেশের মতো ত্রিপুরা রাজ্যেও নানা জাতি, ধর্ম, বর্ণ ও ভাষার মানুষ বসবাস করেন। সকল ধর্মের ধর্মীয় উৎসবগুলি এখানে সমমর্যাদায় গুরুত্ব সহকারে উদযাপন করা হয়। বড়দিনের উৎসবও এখানে সেই রকমই মর্যাদা ও উৎসাহের সাথে উদযাপন করা হয়। সকল ধর্মের মানুষ স্বত:স্ফূর্তভাবে এ উৎসবে শামিল হন। প্রতি বছরের মতো এবারেও এখানে বড়দিনের উৎসব উপলক্ষে মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। সকল অংশের মানুষ এ উৎসবে আনন্দ উপভোগ করতে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *