শুক্রবার রাতে আস্তাবল ময়দানের একটি অনুষ্ঠানের শেষদিকে সাংবাদিকদের জন্য নির্ধারিত অস্থায়ী প্রেস গ্যালারি ভেঙ্গে পড়ায় অল্পবিস্তর আহত হয়েছেন কয়েকজন সংবাদকর্মী।
আহতদের মধ্যে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংবাদকর্মী সুশীলা দেববর্মা।
শনিবার হাসপাতালে গিয়ে এই আহত সংবাদকর্মীর চিকিৎসার বিষয়ে যাবতীয় খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। পাশাপাশি, চিকিৎসা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে, মুখ্যমন্ত্রী জানান সুশীলার আঘাত তেমন সিরিয়াস না হলেও তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। আশা করা হচ্ছে খুব শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তিনি।
এই ঘটনায় আহত হওয়া সকল সংবাদ কর্মীর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
