রাজ্যের জেলা হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান ও স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে। সরকারের মূল লক্ষ্যই হচ্ছে রাজ্যবাসীকে স্বাস্থ্য ক্ষেত্রে সর্বোত্তম পরিষেবা প্রদান করা। আজ সন্ধ্যায় আগরতলার গোলাব বাগানে অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির ৩৬তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, আগে সরকারের কাছে বিভিন্ন বিষয়ে দাবী করতে হতো। এখন দাবী করার আগেই চিকিৎসকদের প্রমোশন ও ত্রিপুরা হেলথ সার্ভিস রুলস সংশোধন করা হয়েছে।
সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। আগে এ রাজ্য থেকে অনেক রেফার হতো। এখন রেফার অনেকটাই কমে গেছে। তিনি বলেন, ব্যক্তিগতভাবে চিকিৎসক হওয়ার ফলে তিনি রাজ্যের চিকিৎসকদের সুবিধা, অসুবিধা সম্পর্কে ওয়াকিবহাল। তিনি বলেন, কোভিডের সময় স্ত্রীরোগ বিশেষজ্ঞরা প্রচন্ড ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন। তাঁদের ভূমিকা ছিল মারাত্মক। রোগীদের সমস্যা সমাধানের মোকাবিলা করার চেষ্টা থাকতে হবে চিকিৎসকদের। রোগীর কাছে চিকিৎসকরাই হচ্ছেন ভগবান তুল্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ঠ স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. দেবজ্যোতি করকে সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রখেন বিধায়ক ডাক্তার দিলীপ দাস। সম্মেলন উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশিত হয়। স্বাগত ভাষণ রাখেন সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান ডা. বাপ্পাদিত্য সোম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগরতলা অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি সোসাইটির চেয়ারম্যান ডা. মঙ্গল মানিক দেববর্মা।
