সমগ্র রাজ্যে শিক্ষার উন্নয়নে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। জনজাতি এলাকার ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে কোচিং এর ব্যবস্থা করা হয়েছে। আজ উদয়পুরে ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জনজাতি ছাত্রী নিবাসের উদ্বোধন করে এই কথা বলন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া। তিনি আরও বলেন, রাজ্যের ২১১টি হোস্টেলে স্মার্ট ক্লাসের মাধ্যমে শিক্ষা প্রদান করার জন্য ৩০ কোটি টাকার প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী বলেন, শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের জন্য রাজ্য সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে এবং এইগুলি রূপায়ণ করছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনজাতি কল্যাণ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা আনন্দহরি জমাতিয়া এবং সভাপতিত্ব করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পি ডব্লিউ ডি দপ্তরের তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার রতন চৌধুরী সহ অন্যান্যরা। উল্লেখ্য, ছাত্রী নিবাসটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৯৯ লক্ষ ৪০ হাজার টাকা।
