দেশের অর্থনীতি হল কৃষি নির্ভর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন। রাজ্যেও কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ জিরানীয়া মাধববাড়ি খাদ্য গুদামে ন্যূনতম সহায়ক মূল্যে ধান জয় করার কর্মসূচি সূচনা করে একথা বলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, বছরে দুইবার ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়। খাদ্য ও জনসংভরণ দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় এই কর্মসূচি রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই কর্মসূচি চলছে। প্রতি কেজি ধান ২০ টাকা ৪০ পয়সা দরে ক্রয় করা হচ্ছে এই বছর। এখন কৃষকদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পেয়েছে। এখন কোথায়ও জমি খালি পড়ে থাকে না। গত বৎসরে ধান ক্রয় করা হয়েছিল প্রতি কেজি ১৯ টাকা ৪০ পয়সা দরে। এবারে তা বাড়ানো হয়েছে। রাজ্যে বিনা আন্দোলনে কৃষকদের দাবী পূরণ করা হচ্ছে। একসময় কৃষকরা উৎসাহ হারিয়ে ফেলেছিলেন। কারণ আগে এই সহায়ক মূল্যে ধান ক্রয় করা হত না। এখন কৃষকরা খুশী ও উৎসাহিত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস। স্বাগত বক্তব্য রাখেন কৃষি দপ্তরের উপঅধিকর্তা সুকান্ত দাস। উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। মাধববাড়ি খাদ্য গুদামে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার এই কর্মসূচি আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে।
