এমজিএন রেগায় সারা রাজ্যে এখন পর্যন্ত ২ কোটি ৭৫ লক্ষ ১৩ হাজার শ্রমদিবস সৃষ্টি হয়েছে। এর জন্য গ্রাম উন্নয়ন দপ্তর থেকে ব্যয় হয়েছে ৮২৯ কোটি টাকা। আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গ্রামোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব ড. সন্দীপ আর রাঠোর এ সংবাদ জানান। তিনি জানান, এই কর্মসূচি রূপায়ণে রাজ্যের ৭২.৭২১ শতাংশ কাজ কৃষি এবং কৃষিকাজ সম্পর্কিত রয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে ২০২১-২২ অর্থবছরে রাজ্যে ২ হাজার ২৬৪ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই প্রকল্পে শৌচালয় নির্মাণ থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগ, এলপিজি সংযোগ, জলের টেপ সংযোগ ইত্যাদি রাজ্যের গ্রামীণ এলাকার বিভিন্ন ঘরে প্রদান করা হয়। এখন পর্যন্ত ১ লক্ষ ৮৭ হাজার ঘরে এই সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। বিশেষ সচিব জানান, ‘মিশন অমৃত সরোবর’ প্রকল্পে এখন পর্যন্ত সারা রাজ্যে ৯৭৩টি অমৃত সরোবর খনন করার কাজ হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ১৬৪ টির কাজ চলছে। ৩৩৭ টির কাজ শেষ করা হয়েছে।
বিশেষ সচিব জানান, রাজ্যের মহিলাদের আর্থসামাজিক অবস্থার মান উন্নয়নে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের অধীনে রাজ্যের ৩ লক্ষ ৬০ হাজার ৫৩৯ জন গ্রামীণ মহিলাকে ৪০ হাজার ৩৫২টি স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত মহিলাদের মোট ৬০১ কোটি ৫৯ লক্ষ টাকার ব্যাঙ্ক লোন প্রদান করা হয়েছে। বিশেষ সচিব আরও জানান, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের বিভিন্ন কাজের সাফল্যস্বরূপ রাজ্য সরকার থেকে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কারগুলির মধ্যে রয়েছে ২০১৮-১৯ সালে আর্থিক দিক থেকে অসামান্য পারফরম্যান্সের জন্য জাতীয় পুরস্কার, ২০১৯-২০ সালে সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমে জাতীয় পুরস্কার, ২০১৯ সালে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি তথা পার্বত্য রাজ্যগুলির জন্য কর্মসূচি বাস্তবায়ণের উপর পুরস্কার ইত্যাদি। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের নোডাল অফিসার সুমিত মজুমদার, আন্ডার সেক্রেটারি সুদিপ্ত বিশ্বাস।
