মোহনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুলাবাগানের সন্নিকটে উত্তর দেবেন্দ্র নগর উচ্চ বিদ্যালয় এর পরিসরে রাজ্য সরকারের আর্থিক আনুকূল্যে এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের তত্বাবধানে নবনির্মিত বিশ্বমানের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ক্রিয়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ,সঙ্গে ছিলেন মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার নির্দেশনা অনুযায়ী পাঁচ কোটি টাকা ব্যয় করে তুলা বাগানে এই সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠটি তৈরি করা হয়েছে। বর্তমান সরকার ফুটবলকে নবরূপে জাগিয়ে, ফুটবলের পরিকাঠামোর উন্নয়ন এবং নতুন প্রতিভা অন্বেষণের মাধ্যমে ফুটবলের মান উন্নীত করার বিষয়ে আন্তরিকভাবে কাজ করে চলেছে। রাজ্যের ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নেওয়ার জন্য, রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর পরিকাঠামোগত উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। সদর উত্তরের মোহনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুলাবাগানে এই বিশ্বমানের সিনথেটিক টার্ফ ফুটবল মাঠ নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা এবং উপ মুখ্যমন্ত্রীর জিষ্ণু দেববর্মাকে ধন্যবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী রতন লাল নাথ তার বক্তব্যে,যুব সমাজের মধ্যে খেলাধূলার প্রবনতা বৃদ্ধির জন্য “খেলো ত্রিপুরা – সুস্থ ত্রিপুরা” প্রকল্পের
মাধ্যমে নেশামুক্ত ত্রিপুরা গঠনের স্বপ্নকে সাকার করে তুলতে রাজ্য সরকারের এই প্রয়াস সফল করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান।
