🧧🚨আসন সমঝোতা নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর পক্ষে বিবৃতি

ত্রিপুরার বুকে বিজেপি সরকার দুঃশাসন চালাচ্ছে। একদলীয় স্বৈরশাসন কায়েমের লক্ষ্যে ফ্যাসিস্টসুলভ সন্ত্রাস চালাচ্ছে। গণতন্ত্র ধ্বংস করেছে। ধর্মনিরপেক্ষতার পরিমণ্ডলকে বিনষ্ট করেছে। আপাদমস্তক জনবিরোধী অর্থনীতি গ্রহণ করে চলেছে। মানুষের কাজ, উপার্জন ও খাদ্যের তীব্র সমস্যা সৃষ্টি করেছে। দুর্নীতিতে ডুবে আছে। জনগণের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।
এই সর্বনাশা ধ্বংস প্রায় অবস্থা থেকে ত্রিপুরাকে মুক্ত ও রক্ষা করতে বি জে পি আই পি এফ টি জোট সরকারকে পরাস্ত ও ক্ষমতাচ্যুত করতে বামফ্রন্টের পক্ষে সি পি আই (এম)-র সাথে জাতীয় কংগ্রেস দলের ত্রিপুরা প্রাদেশিক কমিটির নেতৃত্বের মধ্যে বিস্তৃত আলোচনা হয় আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে আসন সমঝোতা নিয়ে। সামগ্রিক আলোচনার পর কংগ্রেস দল ১৩ টি এবং বামফ্রন্ট ৪৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে উপনীত হন। এরই ভিত্তিতে কংগ্রেস দল কৈলাসহর, ধর্মনগর, পেচারথল, করমহড়া, কমলপুর, তেলিয়ামুড়া, মোহনপুর, আগরতলা, বড়দোয়ালী, বনমালীপুর, সূর্যমণিনগর, চড়িলাম, মাতাবাড়ি কেন্দ্র সমূহে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে স্থির হয়েছিল। কিন্তু কংগ্রেস দল একটি তপশিলি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিপ্রায় জানান। তপশিলি সংরক্ষিত পারিয়াছড়া আসনটি দাবি করে। এই বিষয়টি ফয়সালা হবার পূর্বে কংগ্রেস দল ১৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে প্রার্থী তালিকা ঘোষণা করেন। এই পরিস্থিতিতে মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে সুরাহায় উপনীত হওয়া যখন যাচ্ছিল না তখন যে ১৩টি আসন কংগ্রেস দল প্রতিদ্বন্দ্বিতার জন্য সহমতে উপনীত হয়েছিল সেই ১৩ টি আসনে সি পি আই (এম) প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।
এরপরেও উভয় দলের নেতৃত্বের মধ্যে আলোচনা চলছে। সি পি আই (এম) এর পক্ষ থেকে পারিয়াছড়া তপশিলি আসনটি পেচারথল আসনের পরিবর্তে কংগ্রেস দলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে কংগ্রেস দলের নেতৃত্বকে জানানোর ব্যবস্থা করা হয় এবং অনুরোধ জানানো হয় এই ১৩ টি আসনের বাইরে যেসকল আসনে কংগ্রেস দলের পক্ষে প্রার্থী দেওয়া হয়েছে সেসকল আসন থেকে কংগ্রেস দলের প্রার্থীদের যাতে প্রত্যাহার করে নেওয়া হয়। কংগ্রেস দলের নেতৃত্ব এখন পর্যন্ত কী সিদ্ধাস্ত ও পদক্ষেপ গ্রহণ করেছেন সুস্পষ্টভাবে জানা যায়নি।
আমরা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে জানাচ্ছি যে পাবিয়াছড়াসহ কংগ্রেস দলকে যে ১৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনুরোধ জানানো হয়েছিল সেই আসনগুলি থেকে সি পি আই (এম) প্রার্থী প্রত্যাহার করে নিচ্ছে। ২ রা ফেব্রুয়ারি প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। তাই ২রা ফেব্রুয়ারি সি পি আই (এম) এর প্রার্থীরা নিয়ম বিধি। মেনে প্রার্থীপদ প্রত্যাহার করে নেবেন। আমরা আশা করি এবং অনুরোধ জানাচ্ছি কংগ্রেস দলের নেতৃত্ব ও উল্লেখিত ১৩ টি আসনের বাইরে যেসকল আসনে প্রার্থী দিয়েছেন সেসকল আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নেবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *