জি-২০ বিজ্ঞান সম্মেলনের চেয়ারম্যান আশুতোষ শর্মা সহ জি-২০ বিজ্ঞান সম্মেলন উপলক্ষে আগত এক প্রতিনিধিদল আজ ৪১তম আগরতলা বইমেলা পরিদর্শন করেন। বইমেলা পরিদর্শনের সময় প্রতিনিধিদলের সাথে ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা। ৪১তম আগরতলা বইমেলার আজ ছিল একাদশতম দিন। গতকাল দশম দিনে বইমেলায় ১৭ লক্ষ ৭১ হাজার ৮৯১ টাকার বই বিক্রি হয়েছে। বইমেলার নবম দিনে ১৪ লক্ষ ২ হাজার ৬৮৯ টাকার বই বিক্রি হয়েছে। আজ বইমেলার কবি ও কবিতা মঞ্চে ২৯ জন কবি স্বরচিত কবিতা পাঠে অংশ নেন। তাছাড়া এই মঞ্চে ১৪ জন বাচিক শিল্পিও অংশ নেন। এদিন বইমেলায় অনুষ্ঠিত হয় আত্মনির্ভর ভারত ও আত্মনির্ভর ত্রিপুরা শীর্ষক আলোচনাচক্র। আলোচনায় অংশ নেন শিক্ষক সুব্রত চক্রবর্তী ও সমাজসেবী অজয় দাস। আলোচনাচক্র সঞ্চালনা করেন অজিতা ত্রিপুরা। সন্ধ্যায় ত্রিপুরাসুন্দরী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের শিল্পীগণ শ্রুতি নাটক, রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, সমবেত সংগীত, সমবেত নৃত্য, তবলা, গিটার, ব্যাস গিটার, কী-বোর্ড ও অক্টোপ্যাডে অংশ নেন। তাছাড়া বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাচিক শিল্পী কাজী মাহতাব সুমন আবৃত্তি পরিবেশন করেন।
