দক্ষিণ অমরপুর টাউন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ এক রক্তদান শিবির অনুষ্ঠিত
হয়। বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ৭ দিনব্যাপী শিবিরের সমাপ্তি উপলক্ষে এই রক্তদান
শিবিরের আয়োজন করা হয়। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। রক্তদান শিবিরের উদ্বোধন করে কৃষিমন্ত্রী বলেন, সমাজসেবামূলক কাজে ছাত্রছাত্রীদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে। ছাত্রছাত্রীরাই হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যৎ। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক রঞ্জিত দাস। উপস্থিত ছিলেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা। রক্তদান শিবিরে ২৪ জন রক্তদান করেন।
