🧧🚨নেশামুক্ত ভারত অভিযানে সমাজিক সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে নেশামুক্ত ভারত অভিযান উপলক্ষে আজ আগরতলায় ম্যারাথন র‍্যালি অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায় এই ম্যারাথন র‍্যালির সূচনা করেন। এই ম্যারাথন র্যালি উপলক্ষে নেশামুক্ত ভারত অভিযান কর্মসূচির সাথে ‘ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও’ ও ‘মিশন বাৎসলা’ প্রকল্পকেও যুক্ত করা হয়েছিল। র‍্যালির সূচনা করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায় বলেন, নেশামুক্ত ভারত অভিযানে ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা ও সমাজিক সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে। নেশামুক্ত ভারত অভিযানকে সফল করে তুলতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই অভিযানে ত্রিপুরাকেও নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী বলেন, শিশু ও কন্যা সন্তান সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই এই ম্যারাথন র্যালির আয়োজন করা হয়েছে। রাজ্য সরকার কন্যা সন্তানদের বিকাশে ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি নিয়েছে। ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচিটি আমাদের দেশে চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালে। এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য হলো শিশু কন্যাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা। উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন ও সিনিয়র স্টেট কো-অর্ডিনেটর শিবাঙ্গি গর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা প্রোগ্রাম আধিকারিক ড. চন্দ্রানী বিশ্বাস। ম্যারাথন র‍্যালিটি উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ট্যাবলো সহ এই সুসজ্জিত ম্যারাথন র‍্যালিতে বিভিন্ন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, সিডিপিও, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সুপারভাইজারগণ, অঙ্গনওয়াড়ি কর্মী, এনসিসি ক্যাডেট, এনএসএস স্বেচ্ছাসেবকগণ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *