যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপী রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ায় অনুদ্ধ ১৪ বালিকা ফুটবল প্রতিযোগিতা আজ থেকে সোনামুড়া স্পোর্টস অ্যাসোসিয়েশন মাঠে শুরু হয়েছে। তা চলবে আগামী ১৭ মে পর্যন্ত। পতাকা উত্তোলন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস (দত্ত)। প্রতিযোগিতার উদ্বোধন করে সভাধিপতি বিদ্যালয়স্তরে খেলাধুলার গুরুত্বের কথাগুলো তুলে ধরেন। তিনি বলেন, শরীর ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। অন্যান্য অতিথিদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য, সিপাহীজলা জেলা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের উপঅধিকর্তা সমীর দেববর্মা, ত্রিপুরা স্পোর্টস স্কুল বোর্ডের যুগ্ম সচিব দিব্যেন্দু দত্ত এবং অনুষ্ঠানের সভাপতি তথা সোনামুড়া নারপঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন শাহজাহান মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সোনামুড়া মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের ইয়ুথ প্রোগ্রাম অফিসার মধুসূদন দেববর্মা। প্রতিযোগিতায় রাজ্যের ৮টি জেলা থেকে ৮টি এবং রাজ্যের স্পোর্টস স্কুল থেকে ১টি দল সহ মোট ৯১টি দল অংশ নিয়েছে।
