শক্তি সঞ্চয়, প্লাস্টিক সমস্যার সমাধানের পথ আর পরিবেশের জন্য জীবনধারা চালিত করার ভাবনায় সোমবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এদিন সকালে সচেতনতামূলক সাইকেল র্যালির মাধ্যমে এই দিনটি উদযাপনের শুভ সূচনা হয় নিগম কার্যালয়ে। সকাল সাতটায় একদল তরুণ-তরুণী পরিবেশ দিবসের ভাবনা সম্বলিত সচেতনতামূলক পোস্টার ধারণ করে সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন। তাদের সঙ্গে র্যালিতে অংশ নেন রাজ্য বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা দেবাশিস সরকার, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেব বর্মন সহ অন্যান্য আধিকারিকরা। সচেতনতামূলক র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হলেও বিশ্ব পরিবেশ দিবসের মূল অনুষ্ঠান শুরু হয় এদিন বেলা ১১ টায়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এদিন পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। প্লাস্টিক বন্ধে ব্যাপক জনসচেতনতার পাশাপাশি গাছ লাগানো এবং এর পরিচর্যার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। পাশাপাশি শক্তি সঞ্চয়ে অপ্রয়োজনে বৈদ্যুতিক লাইট, পাখা ইত্যাদি বন্ধ রাখা, এসি এর তাপমাত্রা 24° সেন্টিগ্রেডে সেট করে দেওয়ার উপরও গুরুত্বারোপ করেন তিনি। এসি মেশিন 24 ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করে দিলে কম করেও 6% বিদ্যুৎ বিল কমানো সম্ভব বলে তিনি জানান। একই সঙ্গে প্রচলিত বাল্ব এর পরিবর্তে এলইডি বাল্ব ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। এছাড়া যেভাবে জলস্তর নিচে নেমে যাচ্ছে এবং বৃষ্টি কমে যাচ্ছে এজন্য ব্যাপকহারে গাছ লাগানোর কথাও বলেছেন তিনি। মন্ত্রী এদিন বিদ্যুৎ নির্বাচন কার্যালয়ে বৃক্ষরোপন অনুষ্ঠানেও অংশ নেন । অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ত্রিপুরা রাজ্য নিগমের ব্যবস্থাপক অধিকর্তা দেবাসিশ সরকার।এ দিনের তাৎপর্য নিয়ে কথা বলেন, টিপিজিএল এর কারিগরি অধিকর্তা আনিল খান্না, রাজ্য বিদ্যুৎ নিগমের অর্থ অধিকর্তা সর্বজিৎ সিং ডোগ্রা। টেকসই খাদ্য ব্যবস্থা নিয়ে কথা বলেন সুপ্রিকা দাস। এ ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা। এদিন বিকাল সাড়ে তিনটায় ৭৯ টিলা স্থিত ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন কর্পোরেশনের কার্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অঙ্গ হিসেবেই বৃক্ষরোপণ উৎসবে অংশ নেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। দিনটির গুরুত্ব নিয়ে আলোচনাও করেন তিনি।
