🚨🧧এনসিসি ক্যাডেটদের দশদিনব্যাপী বার্ষিক প্রশিক্ষণ শিবির সমাপ্ত

নেতাজী সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আজ ১৩-ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি ক্যাডেটদের দশদিনব্যাপী বার্ষিক প্রশিক্ষণ শিবির সমাপ্ত হয়েছে। গত ২৯ মে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছিল। শিবিরে রাজ্যের ৩২টি বিদ্যালয়ের ৩৮৬ জন এনসিসি ক্যাডেট অংশ নেন। ১৩-ত্রিপুরা এনসিসি ব্যাটেলিয়ান এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে। সমাপ্তি অনুষ্ঠানে ১৩-ত্রিপুরা এনসিসি ব্যাটেলিয়ানের ডেপুটি ক্যাম্প কমান্ডার কর্ণেল বিনয় রাওঘান এনসিসি’র উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটদের শিবিরের অভিজ্ঞতা নিজ নিজ গ্রামে রূপায়ণ করার আহ্বান জানান।

দশদিনব্যাপী এই শিবিরে ১৩-ত্রিপুরা এনসিসি ব্যাটেলিয়ানের কর্ণেল ক্যাম্প কমান্ডার এম এ রাজমান্নার, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত প্রশিক্ষক বিশ্বেশ্বর নন্দী, পদ্মশ্রী দীপা কর্মকার, উচ্চশিক্ষা অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা ছাড়াও পোষ্ট অফিস, এসবিআই, ফরেন্সিক ল্যাব, ফায়ার সার্ভিস, ত্রিপুরা ট্রাফিক পুলিশ, যোগা ও বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকগণ ক্যাডেটদের প্রশিক্ষণ দেন। শিবিরে সততা, নিষ্ঠা, নিয়মানুবর্তিতা, বেসিক মিলিটারী ট্রেনিং, ফায়ারিং, লিডারশীপ, ব্যক্তিত্ব উন্নয়ন, যোগা, মেডিটেশন ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার উপর ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া আকস্মিক বক্তৃতা, ড্রিল ও বেস্ট ক্যাডেট প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারীদের পদক ও শংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। শিবিরে অংশগ্রহণকারী ক্যাডেটদেরও শংসাপত্র দেওয়া হয়েছে। তাছাড়াও এনসিসি’র সিটিও হীরা দেবনাথ এবং ৭১- ত্রিপুরা গার্লস (আই) এনসিসি কোম্পানীর হাবিলদার টি নগেন্দ্রকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩-ত্রিপুরা এনসিসি ব্যাটেলিয়ানের লেফটেন্যান্ট সমীর কুমার দিয়াবাঘ ও ক্যাম্প এডজুটেন্ট সঞ্জয় পাল। ধন্যবাদ জ্ঞাপন করেন ১৩-ত্রিপুরা এনসিসি ব্যাটেলিয়ানের লেফটেন্যান্ট ডেনিয়েল দেববর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *