🚨🧧গোমতী ও পশ্চিম জেলার ৫টি স্কুলে বিজ্ঞান বিভাগ চালু করার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী

 

রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যুক্ত হতে চলেছে আরো নতুন পালক। এবার গোমতী ও পশ্চিম ত্রিপুরা জেলার বেশকিছু স্কুলে বিজ্ঞান বিভাগ চালু করার প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার এক বার্তায় এখবর জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
এসকল স্কুলগুলির মধ্যে রয়েছে গোমতী জেলার অধীন অমরপুর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, করবুক মডেল ইংলিশ মিডিয়াম স্কুল, পশ্চিম ত্রিপুরা জেলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল এবং ভগৎ সিং ইংলিশ মিডিয়াম স্কুল। এসবগুলি স্কুলই বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এসব স্কুলে বিজ্ঞান বিভাগ চালু হওয়ার ফলে সংশ্লিষ্ট স্কুলের ছাত্রছাত্রীরা প্রচুর পরিমাণে উপকৃত হবে। এর পাশাপাশি এসকল স্কুলে বিজ্ঞান বিভাগ অন্তর্ভুক্তি হওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার অভিভাবকদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার ২০১৮ সালে রাজ্যে ক্ষমতায় আসার পরপরই শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে অন্যতম বিশেষ অগ্রাধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐকান্তিক প্রচেষ্টার ফল স্বরূপ বিদ্যাজ্যোতি প্রকল্পে প্রচুর সংখ্যায় স্কুল পেয়েছে ত্রিপুরা। যার সুফল পেতে শুরু করেছে রাজ্যের হাজার হাজার ছেলেমেয়ে। আর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা নিজেও একজন শিক্ষানুরাগী। ছাত্রছাত্রীদের সার্বিক কল্যাণে খুবই আন্তরিক তিনি। এরই অংশ হিসেবে এবার রাজ্যের দুটি জেলায় একসঙ্গে ৫টি স্কুলে বিজ্ঞান বিভাগ চালু করার উদ্যোগ গ্রহণ করলো রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *