আগামী ২৬ জুন থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়িতে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী ৭ দিনব্যাপী আয়োজিত খার্চি উৎসব, মেলা ও প্রদর্শনী। ঐদিন সকাল ১১টায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ঐতিহ্যবাহী ৭দিনব্যাপী খার্চি উৎসব ও প্রদর্শনীর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, বিধায়ক স্বপ্না দেববর্মা এবং পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিধায়ক তথা খার্চিমেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পর্যটন নিগমের অধিকর্তা তপন কুমার দাস, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা সহ অন্যান্যরা। আজ এক সাংবাদিক সম্মেলনে এলাকার বিধায়ক রতন চক্রবর্তী মেলা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি ৩০ শে জুন অনুষ্ঠিত হবে দিব্যাঙ্গদের সম্মান প্রদর্শন ও কৃতি সংবর্ধনা। এই অনুষ্ঠানে থাকবেন সাংসদ বিপ্লব কুমার দেব । সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। এ বছর মেলার থিম রাখা হয়েছে নেশা মুক্ত ত্রিপুরা। মেলায় আসার জন্য দর্শনার্থীদের জন্য থাকছে স্পেশাল বাসের ব্যবস্থা। শহরের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত থাকবে বাস সার্ভিস পাশাপাশি স্পেশাল ট্রেনের জন্য আবেদন জানানো হয়েছে বলে জানান তিনি।
