কুমারঘাটে গত ২৮ জুন উল্টো রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃতদের পরিবারগুলিকে আজ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় আজ বিকালে মৃতদের পরিবারের সদস্যদের হাতে ৪ লক্ষ টাকা সরকারি সহায়তার অনুমোদনপত্র তুলে দেন। এসময় সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ছিলেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস, ঊনকোটি জেলার জেলাশাসক টি কে চাকমা, মহকুমা শাসক সুব্রত কুমার দাস প্রমুখ। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সমাজকল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় জানান, সরকার নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে। ছেলে মেয়েদের পড়াশুনা বা অন্যকোন সমস্যায় যাতে পরিবারগুলোকে পড়তে না হয় সেজন্য রাজ্য সরকারের ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী এই সহায়তা দেওয়া হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে যে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তাও কিছু দিনের মধ্যেই প্রদান করা হবে। কুমারঘাটে উল্টো রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যে ৭ জন মারা যান তাদের পরিবারের সদস্যদের হাতে আজই ব্যাংক একাউন্টের মাধ্যমে ৩ লক্ষ ৯০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। ইতিপূর্বে প্রতিশ্রুতি অনুযায়ী কুমারঘাট মহকুমার মহকুমা শাসক নিহতদের পরিবারের হাতে অন্তবর্তীকালীন ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মর্মান্তিক এই দুর্ঘটনার দিন রাতের ট্রেনেই মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান এবং কুমারঘাট মহকুমা হাসপাতাল ও ফটিকরায় প্রাথমিক হাসপাতালে আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন। সেই রাতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা কুমারঘাট পূর্ত ডাকবাংলোয় সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, মর্মান্তিক হৃদয়বিদায়ক এই দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৪ লক্ষ টাকা সহায়তা দেওয়া হবে। ঘটনায় যারা আহত হয়েছেন তাদের মধ্যে যাদের শরীরে ৬০ শতাংশের উপর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ২ লক্ষ ৫০ হাজার টাকা করে এবং যাদের শরীরে ৪০-৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ৭৪ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া হবে।
