দ্বিতীয় বিজেপি সরকারের পেশ করা প্রথম বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ আরও কমানো হল। ২০২২-২৩ সালে মোট বাজেটের ১৮.৪৮ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ করা হয়েছিল। চলতি আর্থিক বছরে তা আরও কমে ১৭.৮৬ শতাংশ করা হয়েছে। পূর্বতন বামফ্রন্ট সরকারের শেষ বাজেটে শিক্ষাখাতে ২১.২৩ শতাংশ অর্থ বরাদ্দ হয়েছিল। বিজেপি সরকারের আমলে পূর্বের সরকারের তুলনায় শিক্ষাখাতে বাজেট বরাদ্দ ৩.৩৭ শতাংশ হ্রাস পেয়েছে। রাজ্যের শিক্ষানুরাগী সমস্ত মানুষের কাছে যা চূড়ান্ত ভাবে অনভিপ্রেত।
বিজেপি সরকার ক্ষমতাসীন হবার পর বাগড়ম্বর করলেও বাস্তবে রাজ্যের শিক্ষাক্ষেত্রে কোনো অগ্রগতি ঘটেনি। বহু লড়াই সংগ্রাম ও পূর্বের সরকারের সদিচ্ছার মাধ্যমে গড়ে তোলা শিক্ষা পরিকাঠামো ধ্বংসের দিকে নিয়ে যেতে বর্তমান সরকার তৎপর রয়েছে। গুণগত শিক্ষার নামে ছাত্রদের গিনিপিগ বানানোর কাজ চলেছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গুলি পর্যাপ্ত শিক্ষকহীন। স্কুল বন্ধ করে দেওয়ার মতো ছাত্র বিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারী উদ্যোগে বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে। পিপিপি মডেল ব্যবহার করে শিক্ষাক্ষেত্রে ঢালাও বেসরকারীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারী কলেজের পড়ার ফি তিন গুণ বেড়ে গেছে। জাতীয় শিক্ষানীতির মাধ্যমে আরো বড় ধরণের আক্রমণের বর্শামুখ রাজ্যের ছাত্রছাত্রীদের দিকে রয়েছে। গত পাঁচ বছরে রাজ্যের শিক্ষাক্ষেত্রে ভয়াবহ সংকট নেমে এসেছে। বিজেপি সরকারের দৃষ্টিভঙ্গিই এর পেছনে মূল কারণ।
চলতি বাজেটেও শিক্ষা সম্প্রসারণে নতুন কোনো দিশা নেই। সরকারী উদ্যোগে শিক্ষার সুযোগ প্রসারে ইতিবাচক কিছুই উল্লেখ করা হয়নি। এই বাজেটের নির্যাস হচ্ছে সরকার শিক্ষাক্ষেত্রে ক্রমশ নিজের দায়িত্ব কমাতে চাইছে। শিক্ষার বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণ নিয়ে প্রবল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সরকার বাজেট তৈরী করার সময়ও এই উচ্ছাস চাপা রাখেনি।
ভারতের ছাত্র ফেডারেশন, ত্রিপুরা রাজ্য কমিটি রাজ্যের বিজেপি সরকারের দ্বারা শিক্ষাখাতে ধারাবাহিক ভাবে বাজেটে অর্থ বরাদ্দ কমানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
অতি সংবেদনশীল শিক্ষাক্ষেত্র নিয়েও বিজেপি সরকার কার্যত উদাসীন ও ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে চলছে। এতে ভবিষ্যত দিনে শিক্ষাক্ষেত্রে আরও বড় সংকট নেমে আসবে। বেসরকারীকরণের অশ্বমেধের ঘোড়া শিক্ষাক্ষেত্রে দাপিয়ে বেড়াবে। রাজ্য সরকার বেসরকারীকরণের ক্ষেত্রটি প্রস্তুত করে দিতে মগ্ন রয়েছে।
বিজেপি সরকারের শিক্ষাক্ষেত্রে ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সম্মিলিত ভাবে প্রতিবাদে সোচ্চার হতে আমাদের সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো জানাচ্ছি।
