জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) একটি ব্যাটেলিয়ান ত্রিপুরায় স্থাপনের জন্য রাজ্য সরকার প্রস্তুত রয়েছে। কেন্দ্রীয় সরকার ত্রিপুরায় এনডিআরএফ’র একটি ব্যাটেলিয়ান স্থাপনের মঞ্জুরি দিলে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ২০১৩ সাল থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রথম ব্যাটেলিয়ানের প্রায় ৫০ জন কর্মী নিয়ে গঠিত একটি দল সিপাহীজলার পূর্ব গকুলনগরে অবস্থিত কেন্দ্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানে স্থায়ীভাবে অবস্থান করছে। এজন্য রাজ্য সরকার এনডিআরএফকে দুটি পাকা ভবন এবং ২ একর জমি হস্তান্তর করেছে। আজ বিধানসভা অধিবেশনে বিধায়ক তথা সরকারি মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়ের জনস্বার্থে আনা একটি দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই তথ্য জানান।
সরকারি মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়ের নোটিশটি ছিল ‘প্রাকৃতিক দুর্যোগ তথা বিপর্যয় মোকাবিলার লক্ষ্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি ব্যাটেলিয়ানকে ত্রিপুরায় স্থায়ীভাবে প্রেরণের জন্য ত্রিপুরা সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে’। জবাবে মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি এনডিআরএফ’র গোকুলনগরস্থিত বাহিনীকে কোম্পানিতে রূপান্তরিত করার জন্য এবং পরিধি সম্প্রসারণের জন্য এনডিআরএফ রাজস্ব দপ্তরকে ৩০০ একর অতিরিক্ত জমি প্রদানের জন্য অনুরোধ করেছে। প্রস্তাবটি রাজস্ব দপ্তর বিবেচনা করে দেখছে। এনডিআরএফ টিমের সাথে প্রশিক্ষিত জনশক্তি, বিপর্যয় মোকাবিলা সরঞ্জাম এবং যানবাহন রয়েছে। তারা যে কোনও দুর্যোগের মোকাবিলা করার জন্য ২৪ ঘন্টা প্রস্তুত থাকে।
এনডিআরএফ দল যে কোনো জেলায় যে কোনো দুর্যোগ মোকাবেলায় রাজ্যের জন্য খুবই সহায়ক। এখন পর্যন্ত রাজ্যের দুর্যোগ মোকাবেলায় বেশিরভাগ ক্ষেত্রেই এনডিআরএফ অংশ নিয়েছে। ২০১৮ সালের জুনে বিশ্বংসী বন্যা এবং অক্টোবর ২০২২-এ সিতরাং ঘূর্ণিঝড়ের সময় অতিরিক্ত এনডিআরএফ টিম ত্রিপুরায় পাঠানো হয়েছিল। ২০১৮ সালে ঊনকোটি জেলায় একটি ভয়াবহ বন্যা হয়েছিল, এর পর থেকে প্রতি বছর বর্ষাকালে একটি অতিরিক্ত এনডিআরএফ দল ঊনকোটি জেলায় মোতায়েন করা হয়। স্বাভাবিক সময়ে এনডিআরএফ দল বিভিন্ন ধরণের প্রশিক্ষণ প্রদানে সিটিআইকে সহযোগিতা করে। তাছাড়া জেলা ও স্থানীয় প্রশাসনের প্রয়োজনে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির কার্যক্রমে অংশগ্রহণ করে। রাজ্যে এনডিআরএফ ব্যাটেলিয়ানের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে রাজ্য সরকার ত্রিপুরায় স্থায়ীভাবে এনডিআরএফ ব্যাটেলিয়ান স্থাপন করার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছিল। এই সংক্রান্ত বিষয়ে ১৬ আগস্ট, ২০২২-এ রাজ্যের মুখ্যসচিব এনডিআরএফ’র ডিজি-কে একটি চিঠি পাঠিয়েছিলেন। গত ১৩ জুন নয়াদিল্লিস্থিত বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি জাতীয় পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ত্রিপুরায় স্থায়ীভাবে এনডিআরএফ ব্যাটেলিয়ান স্থাপনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
