রক্তের কোন বিকল্প এখনও আবিস্কৃত হয়নি। মমুর্ষু রোগীকে বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন হলে আমাদের নির্ভর করতে হয় অন্য একজনের দান করা রক্তের উপর। তাই রক্তদান মহৎ দান। গত ২১ জুলাই খোয়াই মহকুমা শাসক কার্যালয়ে এক রক্তদান শিবিরের উদ্বোধন করে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস একথা বলেন। খোয়াই মহকুমা প্রশাসনের রিক্রিয়েশনাল সোসাইটি ও ত্রিপুরা নায্যমূলের দোকান পরিচালক সমিতির যৌথ উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আরও বলেন, রাজ্যে রক্তের স্বল্পতা দূর করতে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করছে। মৎস্যমন্ত্রী রক্তদানে যুবক যুবতীদের আরও বেশী করে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, জিলা পরিষদের কর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শৰ্মা, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস, খোয়াই জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, মহকুমা শাসক বিজয় সিনহা প্রমুখ। শিবিরে ৬০ জন রক্তদান করেন।
