🚨🧧আগামী তিন দিনের ভেতর বেআইনি দখল মুক্ত হবে শহর:মেয়র

আসন্ন দূর্গাপূজোকে সামনে রেখে শহরকে যানজট মুক্ত রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে সোমবার পুর নিগমে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশের উচ্চ আধিকারিক থেকে শুরু করে ট্রাফিক দপ্তরের প্রতিনিধি সহ আরক্ষা প্রশাসন জেলা প্রশাসনের বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। এই বৈঠকের পৌরহিত্য করেন মেয়র দীপক মজুমদার।
শহরকে যানজট মুক্ত ও আবর্জনা মুক্ত রাখতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুর নিগম। মেয়র দীপক মজুমদার প্রত্যেকদিনই বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন এবং জনগণের অভিযোগ শুনে সেই অভিযোগ নিরসনের চেষ্টা করে যাচ্ছেন। আজকের এই বৈঠক নিয়ে সাংবাদিকদের মেয়র বলেন, নিগম লক্ষ্য করেছে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা বেআইনিভাবে দখল করে কিছু অসাধু ব্যবসায়ী পূজোর সময় ব্যবসা করার চেষ্টা করছে। ফলে যান চলাচলে ব্যাঘাত ঘটছে এবং জনসাধারণও চলাচলে  অসুবিধার সম্মুখীন হচ্ছে। মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহা মেয়র কে নির্দেশ দিয়েছেন পুজোর আগে যেন শহরকে যানজটমুক্ত করা হয়। সেদিকে লক্ষ্য রেখে মেয়র আর জানান যে কামান চৌমুহনী থেকে পোস্ট অফিস চৌমুহনী এবং প্যারাডাইস চৌমুহনী থেকে বটতলা ইতিপূর্বে দখলমুক্ত করা হয়েছিল নিগমের উদ্যোগে। পরবর্তীতে পুনরায় তারা আবার সেই জায়গায় তাদের ব্যবসা শুরু করেছে। ফলে অত্র এলাকায় যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে সামনে রেখে মেয়র জানান আগামী তিন দিনের ভেতর বেআইনি দখলদারদের উচ্ছেদ করে রাস্তা যানজটমুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *