কথা রাখলেন মেয়র। ৪-৫ দিন আগে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন আগরতলা শহরকে যানজটমুক্ত করতে বেআইনি দখল উচ্ছেদ অভিযানে নামবে পুর নিগম। সামনেই দুর্গাপূজা আগরতলা শহরে যানজট মুক্ত রাখতে ইতিমধ্যেই ট্রাফিক দপ্তর থেকেও ই রিক্সা এবং পেডেল রিকশা প্রবেশে কিছুটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পূজার মরশুমে শহরকে যানজট মুক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মুখ্যমন্ত্রী পুর নিগমকে নির্দেশ দিয়েছে বেআইনি দখল উচ্ছেদের । মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে অবশেষে নিগম শনিবার ভোর থেকে বটতলা এলাকায় বেআইনি দখল উচ্ছেদে নামলো। সেই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন এডিশনাল কমিশনার মোহাম্মদ সাজ্জাদ। পুলিশ সহ পুর নিগমের বিশাল বাহিনী ভোরবেলা থেকেই বটতলা দিয়ে দশমিঘাট হয়ে শ্মশানের রাস্তা দিয়ে বটতলা মেইন রোড দখলমুক্ত করে।
আজকের এই অভিযান নিয়ে মেয়র দীপক মজুমদার জানান, পুরো নিগমের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে থেকে বেআইনি উচ্ছেদ শুরু হয়েছে। আজ সকাল বেলা বটতলা এলাকা মাছ বাজার এলাকা দখলমুক্ত করা হয়। যারা জনগণের চলাচলে ভিন্ন ঘটিয়ে এবং যানজট তৈরি করে ব্যবসা করে চলেছেন তাদের বিরুদ্ধেই এই অভিযান। যারা ভেন্ডার লাইসেন্স নিয়ে আইন মেনে ব্যবসা করে চলেছেন তারা তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবে আগরতলা শহরে। বেআইনি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে জনগণের সহযোগিতা চাইলেন মেয়র। পাশাপাশি তিনি এই দিন বলেন আগরতলা শহরের যে যে স্থানগুলোতে নো পার্কিং জোন রয়েছে সেখানে বাইক এবং গাড়ির পার্কিং করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শহরে যে যে ফাস্টফুডের দোকানগুলি রাত এগারোটার পরও দোকান খুলে ব্যবসা করে তাদেরকে করা বার্তা দেন যে ১১ টার পরে দোকান বন্ধ করে নেওয়ার। না হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ রাত এগারোটার পর ফাস্টফুডের দোকানগুলিতে নেশা ব্যবসায়ী থেকে নেশা সেবনকারীদের আনাগোনাই বেশি থাকে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ। অপরদিকে কিছু কিছু খাবার দোকান কভার ড্রেনের উপর ছাতা লাগিয়ে চেয়ার টেবিল পেতে রীতিমতো ব্যবসা করে চলেছেন। তাদের বিরুদ্ধে আজ থেকে ব্যবস্থা নেওয়া শুরু হবে। দরকার হলে তাদের ব্যবসায়ী লাইসেন্স বাতিল করে দেওয়া হবে । দুর্গাপূজা পর্যন্ত এরকম অভিযান চলবে বলেও জানান মেয়র দীপক মজুমদার।
পুর নিগমের আজকের এই অভিযানে সাধারণ জনগণের মধ্যে স্বস্তির ভাব পরিলক্ষিত হয়।
