গতকাল সারা দেশব্যাপী পালিত হয়েছে জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস। সেই দিবসকে সামনে রেখে সোমবার আগরতলা প্রেসক্লাবে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে সোসাইটি অফ ভলান্টারি ব্লাড ডোনার্স আগরতলা এবং সহায়তায় ছিলেন জহর লাল ঘোষের স্মরণে উনার ছেলে জয়ন্ত ঘোষ। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার, তাছাড়া উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, এখন সন্তানরা মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে সেই জায়গায় জয়ন্ত বাবুর এই উদ্যোগ প্রশংসাযোগ্য। এরকম কাজ সমাজে দৃষ্টান্ত স্থাপন করে। পাশাপাশি অন্যদের প্রেরণা যোগাবে। রক্তদান মহৎ দান রক্তের কোন বিকল্প নেই বিকল্পই হচ্ছে একমাত্র মানবতা। অপরদিকে দৈনিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল বলেন, এরকম রক্তদান শিবির অনুকরণযোগ্য এবং অন্যদের অনুপ্রাণিত করবে। রক্তের চাহিদায় আমরা একে অপরের উপর নির্ভরশীল। রক্তদানে জাতি ধর্ম বিভেদের কোন সুযোগ নেই। এরকম রক্তদান শিবিরে যদি জনগণ এগিয়ে না আসে তাহলে সরকারের পক্ষেও সম্ভব না রক্তের চাহিদা মেটানো।
