প্রান্তিক জনপদের মানুষের কাছে প্রশাসনিক সুবিধা পৌঁছে দিতে সরকার আন্তরিক প্রশাসনিক সুযোগ সুবিধা প্রান্তিক জনপদের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার আন্তরিক ভাবে কাজ করছে। এজন্য সরকার রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে প্রশাসনিক শিবিরের আয়োজন করছে। আজ মুঙ্গিয়াকামী ব্লকের উত্তর মহারাণীপুর ভিলেজে এক প্রশাসনিক ও স্বাস্থ্য শিবিরে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা একথা বলেন। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন ও মুঙ্গিয়াকামী ব্লকের উদ্যোগে উত্তর মহারাণীপুর ভিলেজের মহারাণীপুর বাজার উচ্চ বিদ্যালয়ে এই প্রশাসনিক ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। প্রশাসনিক শিবিরে জনজাতি কল্যাণ মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুঙ্গিয়াকামী বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা, মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, বিডিও অভিজিৎ রিয়াং প্রমুখ। তাছাড়াও শিবিরে পূর্ত, স্বাস্থ্য, শিক্ষা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, পানীয়জল ও স্বাস্থ্যবিধান, কৃষি, মৎস্য এবং বনদপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
প্রশাসনিক শিবিরে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, রাজ্যের প্রান্তিক জনপদগুলিতে স্বাস্থ্য পরিষেবা ও প্রশাসনিক সুযোগ সুবিধা মানুষের কাছে নিয়ে যেতে সরকার দায়বদ্ধ। জনজাতি অংশের মানুষের কল্যাণ ও জনজাতি অধ্যুষিত এলাকার সার্বিক বিকাশ সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। তিনি বলেন, উন্নয়নের জন্য এলাকায় শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে। শিবিরে বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ এলাকার উন্নয়ন নিয়ে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। শিবিরে মহকুমা প্রশাসন থেকে ১১টি ইনকাম, ৬৫টি এসটি, ৯৫টি পিআরটিসি ও ১টি ম্যারেজ সার্টিফিকেটের আবেদনপত্র গ্রহণ করা হয়। শিবিরে স্বাস্থ্য দপ্তর থেকে ৫৯ জনের চিকিৎসা করে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়েছে।
