শান্তি, সুস্থিতি ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঊনকোটি জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার ৩ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঊনকোটি জেলার জেলাশাসক টি কে চাকমা গত ১ অক্টোবর, ২০২৩ তারিখে এই আদেশ জারি করেছেন। আগামী ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এই সময়কালে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার ৩ কিলোমিটারের মধ্যে এই আদেশ কার্যকর থাকবে।
আদেশে আরও বলা হয়েছে ১৪৪ ধারা চলাকালীণ পাঁচ জনের বেশী মানুষ এক সাথে জড়ো হতে পারবেনা। কোন ব্যক্তি লাঠি, তীর ও ধনুক, সুচাগ্র বাঁশ, সাইকেলের চেইন, গুলতি, লোহার রড, ছুঁড়ি, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের মতো অস্ত্র বহন করতে পারবেন না। এই আদেশ পুলিশ, বিএসএফ, টিএসআর এবং আইন প্রনয়ণকারী সংস্থার কাজের ক্ষেত্রে কার্যকর হবে না। দুর্গাপূজার সময় আশপাশ এলাকার দুর্গাপূজা প্যান্ডেল, কোন ব্যক্তির কাছে জেলা প্রশাসন, পুলিশ, বিএসএফ এবং অন্যান্য আইন প্রনয়ণকারী সংস্থার ইসু করা বৈধ অনুমোদনপত্র থাকলে বা কোন মুমুর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অথবা অনুমোদিত ঔষধের দোকান থেকে জীবনদায়ী ঔষধ ক্রয়ের ক্ষেত্রেও এই আদেশ বলবৎ হবে না। আইন ভঙ্গকারীরা ভারতীয় দন্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধী হিসেবে বিবেচিত হবেন।
