🚨🧧ভারতের একতা ও সংহতির প্রতীক সর্দার বল্লভভাই প্যাটেল: মুখ্যমন্ত্রী

ভারতের একতা ও সংহতির প্রতীক হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তাঁর দৃঢ় মানসিকতা ও বলিষ্ঠ পদক্ষেপের জন্যই গঠিত হয়েছে বর্তমান ভারত। মঙ্গলবার বিকেলে আগরতলার অরুন্ধতীনগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ মাঠে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় একতা দিবস অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী উপস্থিত সকলকে রাষ্ট্রীয় একতা দিবসের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের একতা ও অখন্ডতা রক্ষায় মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। আমৃত্যু তিনি ভারত গড়ার কাজে নিয়োজিত ছিলেন। স্বাধীনতা প্রাপ্তির পর ৫৬৫টি রাজন্যশাসিত অঞ্চলকে ভারতের মূল ভূখন্ডের সাথে যুক্ত করানো তাঁর দৃঢ় মানসিকতার পরিচয় বহন করে।
মুখ্যমন্ত্রী বলেন, দেশকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তোলার ক্ষেত্রে দেশবাসীকে অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সাল থেকে সর্দার প্যাটেলের জন্মদিনকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করার উদ্যোগ গ্রহণ করেছেন। এরফলে দেশের যুব সমাজ ভারতের প্রতি অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার মানসিকতায় উদ্বুদ্ধ হয়েছে।
এদিন অনুষ্ঠানে বিএসএফ, সিআরপিএফ এবং টিএসআর বাহিনীর পুরুষ ও মহিলা জওয়ানরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য আরক্ষা বাহিনীর বিভিন্ন স্তরের আধিকারিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *